নাগরিক ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে সুন্দরী আখ্যা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তিনি অপরাধ করেছেন কি না বা অপরাধের সঙ্গে জড়িত কি না, তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে।
গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় জাফরুল্লাহ এ মন্তব্য করেন। এ সময় পরীমনির জামিন আবেদন দ্রুত বিবেচনা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে পরীমনির বিচার দ্রুত করার দাবিও করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘মদ আমদানির বৈধতা সরকার দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমনির জামিনের অধিকার রয়েছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকারের প্রতিনিধি হচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। কামাল হোসেনকে জাগতে হবে। সম্মিলিত চেষ্টা করলে দেশ পরিবর্তন হবে।’
