পুরুষ বেশে নারী গরু চোর গ্রেফতার

Spread the love

নাগরিক ডেস্ক : পু্রুষ সেজে গরু চুরির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার মোকামতলা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই নারী ও তার স্বামীর মালিকানাধীন কয়েকটি ট্রাক রয়েছে। পুরুষ সেজে এসব ট্রাকে করেই তিনি দেশের বিভিন্ন এলাকায় গরু চুরি করে বেড়াতেন।

খাদিজা বেগম শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ইয়াসিন আলীর স্ত্রী। আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘প্যান্ট, শার্ট ও হেলমেট পরে পুরুষের ছদ্মবেশে ওই নারী নিজের ট্রাক নিয়ে দেশের বিভিন্ন স্থানে গরু চুরি করতেন। এতে তার স্বামী ইয়াসিন আলী, চালক সিরাজুল ইসলাম ও হেলপার তাকে সহযোগিতা করতেন।’

পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহেও শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রথবাড়ি এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ একটি ট্রাক জব্দ করা হয়। পরে তদন্তে জানা যায়, ওই ট্রাকের মালিকও ওই নারী। তারা নিজেদের ট্রাক নিয়ে বের হতেন এবং রাস্তায় কোনো গরু দেখলেই চালক সিরাজুল ইসলাম ও হেলপারের সহযোগিতায় ট্রাকে তুলে নিয়ে পরে বিক্রি করে দিতেন।

ওসি জানান, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে বাড়ির কাছে একটি কলাবাগান থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পুরুষের ছদ্মবেশে গরু চুরি করার কথা স্বীকার করেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *