আধিপত্য ধরে রাখতে সরোয়ার অনুসারীদের ‘ঢাকা মিশন’ কর্মসূচী

Spread the love

নাগরিক রিপোর্ট : আধিপত্য ধরে রাখতে বরিশাল মহানগর বিএনপির বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা জোটবদ্ধ হয়ে ঢাকায় যাবেন। তারা ঢাকায় গিয়ে দলের মহাসচিব মীর্জ ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত করে বরিশাল বিএনপির অতীত-বর্তমান হালচাল তুলে ধরবেন। মহাসচিবের মাধ্যমে যাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মহানগরের মাঠ নেতাদের বার্তা পৌছে সেজন্যই সরোয়ার অনুসারীরা ‘ঢাকা মিশন’ কর্মসূচী গ্রহন করেছেন।

বরিশাল মহানগর বিএনপির একাধিক দায়িত্বশীল সুত্র জানায়, শনিবার রাতে নগরীর কাউনিয়ায় মজিবর রহমান সরোয়ারের বাসভবনে নগর বিএনপির ৩০ ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদকদের এক গুরুত্বপূর্ন বৈঠক অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত চলে ওই সভা। মজিবর রহমান সরোয়ারে উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদকরাও উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ড নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারারও বক্তৃব্য রাখেন।
সভা সুত্র জানায়, মহানগরের ৩০ ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকরা সর্বসম্মতভাবে ঢাকা গিয়ে দলের মহাসচিবের সঙ্গে সাক্ষাত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দিনক্ষন ঠিক হয়নি। সভায় অংশ নেয়া এক ওয়ার্ড বিএনপি নেতা বলেন, ‘আমরা ঢাকা যাব তা চুড়ান্ত হয়েছে, আজ-কালের মধ্যে তারিখ নির্ধারন করবো’।

বরিশাল মহানগর বিএনপির কমিটি শিগগিরিই ঘোষণা হতে যাচ্ছে- এমন জোর আলোচনা চলছে বরিশালে। সুত্র জানায়, ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সিরিজ বৈঠকেও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিট গঠনের আভাস দেয়া হয়েছে।

অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুল আহসান শাহীনকে সাধারন সম্পাদক করে ৩ বছর মেয়াদী বরিশাল মহানগর বিএনপির ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয় ২০১৩ সালে। ২০১৪ সালের ২২ নভেম্বর সাধারন সম্পাদক কামরুল আহসান শাহীন মারা যাওয়ার পর থেকে সাধারন সম্পাদকের পদটি চালানো হচ্ছে ভারপ্রাপ্ত দিয়ে। প্রায় ৮ বছরের পুরানো বরিশাল মহানগর বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে বলে দলটির কেন্দ্রীয় একাধিক সুত্র নিশ্চিত করেছে। সুত্রমতে, বরিশাল মহানগরের প্রস্তাবিত আহ্বায়ক কমিটি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আপাতত শুধু আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এদিকে বরিশাল মহানগর বিএনপির এই কমিটি গঠনের গুঞ্জনের সঙ্গে সঙ্গে বরিশালে দলটির স্থানীয় নেতৃত্বের মধ্যে চলছে নানা মেরুকরন। মহানগরের সরোয়ার বিরোধীরা জোটবদ্ধ হয়ে নতুন কমিটিতে বড় ভাগ বসাতে চাইছেন। স্থানীয়ভাবে জোর আলোচনা চলছে, নতুন কমিটিতে সরোয়ারের একক আধিপত্য থাকছেন না। এমন প্রেক্ষাপটে সরোয়ার অনুসারীরাও হাতগুটিয়ে বসে নেই। শনিবার রাতে মহানগরের ৩০ ওয়ার্ডের সরোয়ার অনুসারী সভাপতি-সাধারন সম্পাদকরা সভা করেছেন।

সভায় অংশ নেয়াদের অন্যতম ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফরিদউদ্দিন বলেন, ‘মজিবর রহমান সরোয়ার গত ১২ বছর ধরে বরিশালে থেকেই সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। যেসব নেতারা মহানগরের পদ-পদবীতে থেকেও আন্দোলন সংগ্রামে মাঠে নামেনি তারা এখন বড় বড় পদ চান। তাদের দিয়ে বিএনপি শক্তিশালী হবেনা। আমরা এটা মহাসচিবকে বলার জন্য ঢাকা যাবো। এখন যারা পদপদবীর জন্য মরিয়া তারা এক যুগ ঘরে বসেছিলেন। বরিশাল নগরের মাঠের চিত্র আমরা মহাসচিবের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছাতে চাই’।

১১ নম্বর ওয়ার্ডের সভাপতি সৈয়দ আহসানুল হক হাসান, ১৬ নম্বর ওয়ার্ডের সাধারন সম্পাদক কামরুল হাসান রতন ও ২২ নম্বরের সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদ বলেন, ‘মজিবর রহমান সরোয়ারকে খাটো করে মহানগরের কমিটি হলে আমরা ওয়ার্ড নেতারা গণপদত্যাগ করবো’।

মহানগর শ্রমিক দলের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ বলেন, ‘সরোয়ার বরিশাল নগর বিএনপির মুকুট। তিনি নেতৃত্বের গুনে দলের জন্য অপ্রতিদ্বন্দ্বি এবং অপরিহার্য্য। সুতরাং সরোয়ার বিরোধী বলয়কে প্রাধান্য দিলে দল ক্ষতিগ্রস্থ হবে’।

এ সভায় মজিবর রহমান সরোয়ার তার বক্তব্যে বলেন, মহানগর বিএনপির শীর্ষ পদের যেসব নেতা ঘরে থেকে আত্মরক্ষা করেছেন তারা দলের ক্ষতি করেছেন। এখন আবার তারাই বড় পদ চাচ্ছেন। সরোয়ার বলেন, নিস্ক্রীয় নেতাদের যদি আবারও কমিটিতে রাখা হয় তাহলে সাংগঠনিক শক্তি বাড়বে না। দল দূর্বল হবে। সরোয়ার অভিযোগ করেন, দলের সুবিধাবাদী একটি পক্ষ নগর বিএনপির কমিটি নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, অপ্রচারে কাজ হবে না। বিএনপির হাল ধরার যোগ্যতা কার আছে তা কেন্দ্রীয় নেতৃত্ব জানে। মজিবর রহমান সরোয়ার নিশ্চিত করেন যে, ৩০ ওয়ার্ডের নেতারা শিগগিরিই মহাসচিবের সঙ্গে সাক্ষাত করতে ঢাকায় যাবেন।

শনিবার রাতে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহ সভাপতি ফিরোজ আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ আকবর প্রমুখ। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *