বাকেরগঞ্জের সরকারি ভবন দখল করে আ’লীগ নেতার কিন্ডারগার্ডেন

Spread the love

নাগরিক রিপোর্ট : বাকেরগঞ্জ পৌর শহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের ভবন দখল করে কিন্ডারগার্ডেন স্কুল স্থাপন করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অমল চন্দ্র শিবু। তিনতলা ভবনটির দোতালায় প্রায় চারবছর যাবত ‘অংকুর কিন্ডারগার্ডেন’ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছেন তিনি। কিন্ডারগার্ডেনের পরিচালক অমল চন্দ্র শিবু বলেছেন, ভবনটি দীর্ঘদিন অবৈধ দখলদারদের দখলে ছিল। দখলদারদের উচ্ছেদ করার জন্যই তিনি সেখানে কিন্ডারগার্ডেন স্থাপন করেছেন।
সরকারি ভবনে কিভাবে আওয়ামীলীগ নেতার কিন্ডারগার্ডেন স্কুল স্থাপিত হলো জানতে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, বিষয়টি আমারও জানা নেই, খোঁজ খবর নিয়ে জানতে হবে।
বাকেরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র সদর রোডে স্বাস্থ্য বিভাগের নিজম্ব জমিতে ওই ভবনটি নির্মিত হয় কমপক্ষে ৫ বছর আগে। ভবনের নিচতলায় এখন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অধীন স্যানিটরি ইন্সপেক্টরের কার্যালয়। দোতালায় অংকুর কিন্ডারগার্ডেন এবং তৃতীয় তলায় স্বাস্থ্য বিভাগের দুইজন কর্মচারী বাস করেন। পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পৌর যুবলীগ সভাপতি ঠিকাদার জিয়াউর রহমান রিপন পাথরের স্তুুপ রেখে ভবনটির প্রধান ফটক আটকে রেখেছেন।
স্যানিটরি ইন্সপেক্টর আ: হাকিম বলেন, ৫ বছরেরও বেশী আগে বছর সদর রোডে স্বাস্থ্য বিভাগের জমিতে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) একটি প্রকল্পের অধীনে জমিতে তিনতলা ভবন নির্মিত হয়। ভবনটি নির্মানের উদ্দেশ্যে ছিল, শেবাচিম’র কিছু সংখ্যক শিক্ষার্থী বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের দায়িত্ব পালন করবেন এবং নির্মিত ভবনটি তাদের আবাসন হিসাবে ব্যবহৃত হবে। কিন্ত শেবাচিম’র ইন্টার্ন চিকিৎসকরা বাকেরগঞ্জে না আসায় ভবনটি অব্যবহৃত থেকে যায়। পরবর্তীতে সেখানে স্যানিটরি ইন্সপেক্টরের কার্যালয় স্থাপিত হয় জানিয়ে আ: হাকিম বলেন, ৪ বছর আগে ভবনের দোতালায় অংকুর কিন্ডারগার্ডেন স্থাপন করেন অমল চন্দ্র শিবু। এরচেয়ে বেশী কিছু বলতে অস্বৃীকৃতি জানান আ: হাকিম।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে কিভাবে কিন্ডারগার্ডেন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করলেন জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ নেতা অমল চন্দ্র শিবু বলেন, ‘শেবাচিম’র শিক্ষার্থীরা ইন্টার্ন চিকিৎসকের দায়িত্ব পালন করতে না আসায় ভবনটি খালি থেকে যায়। এ সুযোগে অবৈধ দখলদাররা সেখানে থাকতে শুরু করে। সেখানে মাদকের আখরাও বসতো। তিনি কিন্ডারগার্ডেন স্কুল স্থাপন করেন ভবনটি দখলমুক্ত ও সুন্দর পরিবেশ ফিরিয়ে এনেছেন। ভবনটির সংস্কার কাজও করেছেন তিনি।
অমল চন্দ্রের দেয়া তথ্যমতে, অংকুর কিন্ডারগার্ডেন এর আগে উপজেলার আরেকটি সরকারি দপ্তর কৃষি অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশে ইরিগেশন প্রকল্পের ভবনে পরিচালিত হতো। ৪ বছর আগে তিনি সেখান থেকে কিন্ডারগার্ডেন প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের ভবনে স্থানান্তর করেছেন। তার দাবী, সরকারি ভবনে বিদ্যালয় স্থাপনে লিখিত অনুমতি নেই, তবে মৌখিকভাবে সকলেই বিষয়টি জানেন।
বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, বাকেরগঞ্জ উপজেলায় তাদের একটি ভবন আছে এবং দখল করে সেখানে কিন্ডারগার্ডেন বিদ্যালয় করা হয়েছে এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে কখনও অবগত করেননি। তিনি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করবেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *