নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরী সংলগ্ন বিল্ববাড়ী এলাকা থেকে নাবালক সন্তানসহ ই-কমার্স প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নগরের কাউনিয়া থানাধীন কাগাশুরা এলাকার বাসিন্দা শাহিনুর বেগম (৪৩), তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা (৩৬) ও তাদের নাবালক ছেলে শাহারিয়ার ইসলাম শাকিল (১৫)। বুধবার দুপুরে বিমানবন্দর থানায় অনুষ্ঠিত সংবাদিক সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার এসব তথ্য জানিয়েছেন।
মোঃ জাকির হোসেন মজুমদার আরও জানান, বরিশালের কাউনিয়া থানার কাগাশুরায় বারেক শেখ সুপার মার্কেটে ‘বন্ধুজন ফার্নিচার মেলা এন্ড ভ্যারাইটিজ স্টোর’ নামে একটি দোকান চালু করেন শাহিনুর বেগম ও তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা। গত এক বছর যাবত ফার্নিচারসহ বিভিন্ন মনোহারী পন্য কমমূল্যে অনলাইনে কিস্তির মাধ্যমে দেওয়ার কথা বলে মানুষকে প্রলোভন দেখানো হয়।
প্রলোভন দেখিয়ে এ পর্যন্ত ৫০০ থেকে ১০০০ মানুষের কাছ থেকে সপ্তাহে ২০০ টাকা, আবার কারো কারো কাছ থেকে প্রতিদিন ৫০ টাকা নেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে তারা কিছু পন্য দিয়েছিল। অন্যদের পণ্য না দেয়ায় গ্রাহকরা তাদের কাছে পন্য অথবা টাকা ফেরত চান। গ্রাহকদের চাপের কারনে গত তিন মাস যাবত পালিয়ে বেড়াচ্ছিল এ দম্পতি।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহিনুর বেগম, তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা ও তাদের ছেলে শাহারিয়ার ইসলাম শাকিলকে কাশিপুরের পূর্ববিল্ববাড়ি এলাকায় স্থানীয়রা আটক করে। পরে বিমানবন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।
উপ-পুলিশ কমিশনার( উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর মধ্য থেকে নাবালক শাহারিয়ার ইসলাম শাকিলকে সমাজসেবা অফিসের প্রবেশন অফিসারের জিম্মায় দেয়া হয়েছে। শাহিনুর বেগম ও তার স্বামী আমিনুল ইসলামকে প্রতারনা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, কাউনিয়া ও বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামীম এবং বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার।
