নাগরিক রিপোর্ট:
বরিশালে মঙ্গলবার বরিশালে ১৩তম মৃৎশিল্পি সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্তের ১৫ মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় এ মৃৎশিল্পি সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি অনলাইনে সম্মেলনের উদ্বোধন করেন।
এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি বলেন, মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে একদিকে যেমন পরিবেশ বাঁচবে তেমনি এ শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, শিল্পী ময়নুল আবেদীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমূখ।
আয়োজকদের তথ্যে জানা গেছে, এবছর আজীবন ক্যাটাগরিতে শিল্পাচার্য্য জয়নুল আবেদীন সম্মাননা পেয়েছেন বরিশালের গৈলা গ্রামের জয়দেব পাল। একই ক্যাটাগরিতে মাদারীপুরের ডাসার গ্রামের উমা রাণী বিশ্বাসকে শিল্পী চিত্ত হালদার সম্মামনা দেয়া হয়েছে। এছাড়াও আরও ১৩ শিল্পীকে সম্মাননা ক্রেষ্ট, বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
