নাগরিক রিপোর্ট:
ভরনপোষন না দেয়ায় সন্তানের বিরুদ্ধে মামলা করা সেই অসুস্থ বৃদ্ধা মাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সোমবার রাতে নগরীর বৈদ্যপাড়ায় বৃদ্ধা জাহানূর বেগমের ভাড়া বাসায় গিয়ে তার সাথে দেখা করে জেলা প্রশাসক এ সহায়তা তুলে দেন। সমাজ সেবা অধিদপ্তরের জটিল রোগে সহায়তা কর্মসূচীর আওতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, এনডিসি নাজমুল হুদা, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অসুস্থ্য জাহানূর বেগমের বড় সন্তান সবুর হাওলাদার ও ছোট মেয়ে সাহিদা আক্তারের কাছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। একই সাথে তার সম্পত্তি বিক্রি নিয়ে অন্যান্য সন্তানের সাথে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
প্রসঙ্গত, সামর্থ থাকা সত্বেও জাহানূর বেগমকে তার দুই সন্তান কোন ভরনপোষন দিচ্ছেনা কিংবা খোঁজ খবরও নিচ্ছেন না। অনেকটা অর্থাভাবে এক মেয়ের বাসায় তিনি অতি কষ্টে মৃত্যুর প্রহর গুনছেন। এমনকি তার দুই সন্তানের বাঁধার কারনে নিজ সম্পত্তি বিক্রি করেও চিকিৎসা করাতে পারছেন না জাহানূর বেগম।
বিষয়টি নজরে আসলে সম্প্রতি তার বাড়িতে গিয়ে সন্তানদের বিরুদ্ধে মামলা গ্রহন করেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক।
