নাগরিক রিপোর্ট : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ রেজোয়ানুল হক চৌধুরী শোভন (৩১) বিয়ে করেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদের কন্যা তোহফা সাদিয়া বিথি (২৯)-এর সাথে তার বিয়ে সম্পন্ন হয় বলে নিশ্চিত করেছেন শোভনের পিতা ও ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরন্নবী চৌধুরী খোকন।
তিনি জানান, ৫ লাখ ১ হাজার টাকা দেন মোহরানা নির্ধারণে তাদের বিয়ে সম্পাদন করেন সোনাহাট ইউনিয়নের কাজি মোঃ আব্দুল মান্নান। ঘরোয়াভাবে দু’পক্ষের সম্মতিতে বিয়ে সম্পাদিত হয়েছে। রাতেই কনেকে তার ভূরুঙ্গামারী উপজেলা সদরের কামাত আঙ্গারিয়া গ্রামের বাড়িতে আনা হয়েছে। তবে বৌভাতসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পরে করা হবে।
শোভনের পিতা আরও জানান, তার পুত্রবধূ তোহফা সাদিয়া বিথি ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের সাজে সদ্য বিবাহিত শোভন এবং নববধূ’র হাস্যোজ্জ্বল ছবি দেখে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত ও অনুসারীরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন দু’জন। আর এই সম্পর্কের জের ধরেই ঘরোয়াভাবে বিয়ের সম্পাদনের কাজ করেছেন দুই পরিবার। এর আগে বিগত ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে শোভনের বিয়ে হয়েছে গুঞ্জন উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন যুবতীর সাথে তার ছবি শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করেছিল ছাত্রলীগের একটি অংশ। সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে জানিয়েছিলেন। অবশেষে সেই যুবতীকেই বিয়ে করলেন তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের দুই বছর মেয়াদী কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এক বছরের মাথায় অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়েছিল। তিনি এখন নিজ নির্বাচনী এলাকা ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। নানা ধরণের জনহিতকর কাজ করে যাচ্ছেন।
