নাগরিক রিপোর্ট:
যানবহনের লাইসেন্স প্রদানের দাবীতে বরিশাল নগরীতে কয়েক হাজার ইজিবাইক চালক বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ১০টা থেকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে প্রধান সড়ক সদর রোড অবরোধ করে ফেলে। ফলে প্রায় দুইঘন্টা সদর রোড দিয়ে যানবহন চলাচল বন্ধ ছিল। পরে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ব্যনারে বিক্ষোভ হলেও এর নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতৃবৃন্দ।
এদিকে চালকদের বিক্ষোভ উপলক্ষে সোমবার সকাল থেকে নগরীতে ইজিবাইক চলাচল বন্ধ ছিল। এতে নগরীতে যানবহন সংকট দেখা দেয়। মোড়ে মোড়ে বিপুল সংখক যাত্রীদের যানবহনের অপেক্ষায় থাকতে দেখা দেছে। বরিশাল সিটি করপোরেশেনর নিবন্ধনভূক্ত ব্যাটারিচালিত ইজিবাইক আছে দুই হাজার ৬১০টি। তবে নগরীতে ৫ সহস্রাধিক ইজিবাইক চলাচল করছে বলে ধারনা করা হচ্ছে। এটিই নগরীতে গণপরিবহন হিসাবে ব্যবহৃত হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানের দাবীতে ৪ দফা দাবী উপস্থাপন করেছেন। দাবীগুলো হচ্ছে- এ যানবহনগুলোকে যুক্ত করে প্রস্তাবিত ‘থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা- ২০২১ দ্রুত চুড়ান্ত করা, নিবন্ধন করাসহ রুট পারমিট ও লাইসেন্স প্রদান, ভিন্ন মডেলের তিন চাকার যানবহন আমদানীর ও ব্যবসার নামে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান উচ্ছেদের চক্রান্ত বন্ধ এবং ্এই যানবহনের সঙ্গে সংশ্লিষ্ট ৫০ লাখ পরিবারের জীবন-জীবিকা ধ্বংস না করা।
সমাবেশ ও মিছিল শেষে এসব দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএ’র সহকারী পরিচালকের মাধ্যমে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী, শ্রমিক নেতা দুলাল মল্লিক, ইজিবাইক মালিক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আবুল বাশার, আব্দুল জব্বার, মো. সোহেল, মো. রফিক, মনির হোসেন প্রমুখ।
