বরিশালে চালকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে থ্রি হুইলার আটক ও মামলা দায়েরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে আটককৃত গাড়ি ছেড়ে দেয়ার দাবি পুলিশ মেনে নিলে দুই ঘন্টা পর সড়ক থেকে সরে যায় চালকরা। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এ ঘটনা ঘটে। আন্দোলকারীরা সড়ক আটকে দিলে চরম বিপাকে পরেন বিভিন্ন রুটের যাত্রী সাধারন।

রুপাতলী এলাকার হলুদ অটো রিকশা চালক মো: মহিউদ্দিন, ইব্রাহিম হোসেন জানান, শুক্রবার সকালে হঠাৎ করে পুলিশ হলুদ অটোরিকশা আটক করার জন্য অভিযান চালায়। এতে তাদের ছয়টি গাড়িতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে তারা একজোট হয়ে আন্দোলন শুরু করেন। তাদের দাবি ছিল মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং আটক গাড়িগুলো ছাড়তে হবে। দুপুরে পুলিশ দাবি মেনে নিলে আন্দোলন স্থগিত করা হয়।

রুপাতলী থেতে চৌমাথা যাওয়ার জন্য আসা মো: লাবু নামে এক যাত্রী বলেন, পরিবার নিয়ে বাড়ি যাবেন। কিন্তু অবরোধে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। একই দুর্ভোগে পড়েছেন চৌমাথা থেকে লঞ্চঘাটের যাত্রীরা।

এব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ গাড়ী পার্কিং করায় ৬টি হলুদ অটো রিকশাকে মামলা দিয়ে আটক করা হয়। এতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তাদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *