নাগরিক রিপোর্ট:
কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে উপজেলা খাদ্য গুদামের ভেতরে বসে সরকারি চালের বস্তা ভেঙে প্লাস্টিকের বস্তায় প্যাকেট করার সময় ৮০০ বস্তা চালসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ফরিদা খাতুন (৩২)। একইসঙ্গে তার অপকর্মের সহযোগী মোফাজ্জেল খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০০ বস্তায় ভর্তি ২০ মে. টন সরকারি চাল ছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের সিলযুক্ত ৫০৭ টি সরকারি চালের খালি বস্তা এবং জোড়া কবুতর ও ডলফিন মার্কার ১ হাজার পিস মিনিকেট চালের খালি বস্তা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শুক্রবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভীন বাদী হয়ে ওসিএলএসডি ফরিদা খাতুন, তার সহযোগী মোফাজ্জেল খান এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রসুল জমাদ্দারসহ ৫ জনকে আসামী করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক, ইউএনও এবং ওসির নেতৃত্বে উপজেলা খাদ্য গুদামে ওই যৌথ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ওসিএলএসডি ফরিদা খাতুনের বাড়ি ভোলা পৌরসভা এলাকার দরগা রোডে এবং অপর আসামী বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের বাসিন্দা মোফাজ্জেল খান খাদ্য গুদামের সরকারি চাল পাচার সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বাবুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমীনুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে উপজেলা খাদ্য গুদামে উপস্থিত হয়ে ৩নং গুদামে পাচারের উদ্দেশ্যে সাজিয়ে রাখা ৮০০ বস্তায় প্রায় ২০ মে. টন সরকারি চাল উদ্ধার করা হয়েছে। পাচারের সুবিধার্থে সরকারি সিলযুক্ত বস্তা বদল করে মিনিকেট চালের বস্তায় ভরে চালগুলো সাজিয়ে রাখা হয়েছিল। এছাড়াও খাদ্য মন্ত্রণালয়ের সিলযুক্ত ৫০৭টি খালি চটের বস্তা এবং বাজারের সেরা মিনিকেট চাল লেখা ১ হাজার পিস প্লাস্টিকের খালি বস্তা খাদ্য গুদাম থেকে একইসঙ্গে উদ্ধার করা হয়। এসময় ডিসি ফুড ও এসি ল্যান্ডকে নিয়ে উক্ত গুদামটি সিলগালা করা হয়েছে।’
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল খাদ্য গুদাম থেকে হাতনাতে ওসিএলএসডি ফরিদা খাতুন ও তার সহযোগী মোফাজ্জেল খানকে আটক করা হয় এবং ৮০০ বস্তা চালসহ অপরাধের বিভিন্ন আলামত জব্দ করা হয়। খাদ্য অধিদপ্তরের পক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভীনের লিখিত অভিযোগ পেয়ে ৫ জন নামীয় এবং ২-৩ জন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ৭ জানুয়ারী বাবুগঞ্জ থানার ২ নং মামলা রুজ্জু করা হয়। গ্রেপ্তারকৃত ২ আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’
