নাগরিক রিপোর্ট : ৯ম পে কমিশন গঠন এবং বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়নের দাবী করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বরিশালে সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশে উল্লেখিত দুটি দাবীসহ মোট ৭ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, লাখ লাখ সরকারী কর্মচারীকে বাদ দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব নয়। আগামী ২০ মের মধ্যে দাবী মেনে নেয়া না হলে ২৭ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে রাজধানী ঢাকা অবরুদ্ধ করা হবে।
নগরের আছমত আলী খান ইনষ্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সরকারি কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগের ছয় জেলার সরকারি কর্মচারীরা সমাবেশে যোগ দেন।
দাবী আদায় ঐক্য পরিষদের মুখ্য সমম্বয়ক সরকারি কর্মচারী কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ওয়ারেছ আলী, ১১-২০ ফোরাম কেনিশ সভাপতি লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. ইব্রাহিম খলিল, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিছুর রহমান, সাধারন সম্পাদক মো. নুরে আলম সিদ্দিকীসহ জেলা পর্যায়ের নেতারা সমাবেশে বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন সরকারি চাকুরীজীবি সম্মিলিত অধিকার আদায় ফোরমের বরিশাল বিভাগীয় আহ্বায়ক গোলাম কাদের তানু। সভা সঞ্চালনা করেন তারিকুল ইসলাম কলিন্স।
সরকারি কর্মচারীদের দাবীগুলো হচ্ছে- ৯ম পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়ন, পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন সময়ে ১১-২০ গ্রেডের কর্মচারিদের জন্য ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষনা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারনসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তরের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, টাইম স্কেল, সিলিকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনঃবহালসহ বিদ্যমান গ্রাচ্যুইটি/আনুতোষিকের হার ৯০ ভাগ এর স্থলে ১০০ভাগ নির্ধারন ও পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগ বিধি ২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীত করা, বাজার মূল্যের ঊর্ধগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পূন:নির্ধারন এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারন এবং ব্লক পোস্টে কর্মরত কর্মচারিসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান এবং আউট সোসিং পদ্ধতি বাতিল, ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর।##
২০২২-০৪-১৬
