বরিশালে কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় শ্বশুর পুত্রবধু নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে শ্বশুর ও পুত্রবধুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তেতুলিয়া নদী তীরবর্তী শ্রীপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রচন্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। এসময় ঝড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- রুস্তম আলী হাওলাদার (৭০) ও তার ছেলে বারেক হাওলাদারের স্ত্রী তিন সন্তানের জননী জয়নব বেগম (৩৫)।
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, নিহত রুস্তম আলী ও জয়নব বেগম শ্রীপুরের মিয়ারচর গ্রামের বাসিন্দা। তবে তারা নদীভাঙ্গনের শিকার হয়ে তেতুলিয়া নদীর উত্তর তীরে গাগুরিয়ার গ্রামে বসবাস শুরু করেছিলেন।
চেয়ারম্যান হারুন অর রশিদ ও নিহত জয়নব বেগমের স্বামী আব্দুল বারেক হাওলাদার জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। আনুমানিক ৫-৭ মিনিটের প্রচন্ড ঝড়ে গাগুরিয়া গ্রামের ১৫-২০টি কাঁচাঘর ভেঙ্গে গেছে। ঝড়ের সময় রুস্তম আলী হাওলাদার ও জয়নব বেগম তিন সন্তানসহ ঘরের নিচে চাপা পড়লে আশপাশের লোকজন জয়নবের দুই ছেলে ও ১ মেয়েকে জীবীত উদ্ধার করতে পারলেও মারা যান রুস্তম ও জয়নব।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী ঘরচাপা পড়ে দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে সমকালকে বলেন, গাগুরিয়া এলাকায় আকস্মিক ঝড়ে ১০-১৫টি কাচাঘর বিধস্ত হয়েছে। এছাড়াও বহু গাছপালা এবং উঠতি ফসল বিনষ্ট হয়েছে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *