গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পারভীন বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আব্দুর রব হাওলাদার কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বটবালি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত পারভীন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী গ্রামের আবদুল মালেক সিকদারের কন্যা।

বাবা আব্দুল মালেক সিকদার দাবী করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। পারভীনের মৃত্যুর খবর রাতে না জানিয়ে ঘটনা ধামাচাপা দিতে গলায় ওড়নার সাথে ফাঁস দেয়া হয়েছে। তার মেয়ের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত না করায় সন্দেহ আরও বেড়েছে।

 

তবে পারভীনের স্বামী কৃষক আব্দুর রব হাওলাদার জানান, শুক্রবার রাত ১২টায় তিনি ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী বিছানায় নেই। পরে দেখেন তার স্ত্রী পাশের রুমে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে (স্ত্রী) মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার পারভীনকে না নিয়ে স্বামী আব্দুর রব ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে যায়। এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়েছিল।

এব্যপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল সাংবাদিকদের জানান, নিহতের স্বামী আব্দুর রব হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্নহত্যা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *