নাগরিক রিপোর্ট : বিরোধীয় চরের দখলকে কেন্দ্র করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ও ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দদের মধ্যে বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্থানীয় ক্যাম্প পুলিশ ২৮ রাউন্ড গুলিবর্ষন করেছে। এতে শ্রীপুর গ্রামের ১২ জন নারীপুরুষ গুলিবিদ্ধ হলে তাদের বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ সংঘর্ষ হয়।
পুলিশ দাবী করেছে, মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের লোকজন পুলিশ ক্যাম্পে হামলার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে সর্টগানের গুলি করেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন লাগোয়া দুই সহ¯্রাধিক একর আয়তনের চরচটকিমারা নামক একটি চর নিয়ে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের। চরের দখল নিয়ে প্রায়ই দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। চরের বেশীরভাগ অংশ এখন শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুর রশিদের ছেলে কাজী রুবেলের দখলে। তিনি শ্রীপুর ইউনিয়নের দখলদারদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
সুত্র জানায়, বুধবার থেকে দুই জেলার বাসিন্দাদের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার দুপুরে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের লোকজন চরে প্রবেশের চেষ্টা চালালে শ্রীপুর ইউনিয়নের লোকজন বাঁধা দেয়। এতে দুইপক্ষের সংঘর্ষ বেঁধে যায়।
শ্রীপুর ইউনিয়নের কাজী রুবেল বলেন, ভোলার পুলিশ ও সন্ত্রাসীরা বৃহস্পতিবার দুপুরে চরের বরিশাল অংশের মধ্যে ঢুকে গ্রামের পুরুষ ও মহিলাদের উপর হামলা করে। এসময় নির্বিচারে গুলিবর্ষন করেছে পুলিশ। এতে নারী কমপক্ষে ৭জন এবং পুরুষ ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আমেনা, ফিরোজা, সাথী, আসমা বেগম, নান্নু হাওলাদার, রিপন হাওলাদারসহ ১২জনকে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. পলাশ জানান, ভোলার লোকজন যখন হামলা করে তখন ভোলা সীমানার মধ্যে চরচটকিমারা অস্থায়ী ক্যাম্প পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিল। শ্রীপুরের গ্রামবাসী পাল্টা প্রতিরোধ গড়ে তুললে ক্যাম্প পুলিশ গুলিবর্ষন করেছে।
ভোলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘চরচটকিমারা’ নামক চরটি দুই হাজার ২০০ একর আয়তনের। পুরোটাই ভেদুরিয়া মৌজার আওতাধীন। পুরো চরে কৃষিচাষ হতো। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের কিছু লোক চরের দুইতৃতীয়াংশ দখল করে সেখানে সহ¯্রাধিক ঘর তুলেছে। তারা চরের নাম বদল করে মহিষমারা গ্রাম নাম দিয়েছে। এনিয়ে প্রায়ই ভেদুরিয়া ইউনিয়নের গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ হয়। বুধবারও দুইপক্ষের মধ্যে পুরানো বিরোধ নিয়ে সংঘর্ষ বেঁধেছিল।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, একটি চর নিয়ে মেহেন্দীগঞ্জের শ্রীপুরের এবং ভোলার ভেদুরিয়া ইউনিয়নে মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দুইপক্ষের সঙ্গে মারামারি হলে একদল নারী-পুুরুষ স্থানীয় পুলিশ ক্যাম্পে হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৮ রাউন্ড শর্টগানের গুলিবর্ষন করেছে।
চরচটকিমারা ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক ইনজাম এ বিষয়ে কিছুই বলতে রাজী হননি। তবে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, শ্রীপুর আর ভেদুরিয়ার গ্রামবাসীর মধ্যে মারামারি হয়। অস্থায়ী ক্যাম্পে হামলা হে পুলিশ হলে শর্টগানের গুলিবর্ষন করেছে।##
২০২২-০৬-১০
