বরগুনায় পুকুরে পাওয়া গেলো ৭টি ইলিশ

Spread the love

নাগরিক ডেস্ক : বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে এক পুকুরে সাতটি ইলিশ মিলেছে। খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে পুকুর থেকে পাওয়া তাজা ইলিশ দেখতে ভিড় জমায় স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোসা. রিজিয়া বেগমের বাড়ির পুকুরে ছোট-বড় মিলিয়ে সাতটি ইলিশ মাছ ধরা পড়ে।

ওই পুকুরে মাছ ধরতে আসা মো. শাহিন বলেন, ৪০০-৫০০ গ্রাম ওজনেরও ইলিশ পাওয়া গেছে।

এ ঘটনায় মোসা. রিজিয়া বেগমের পরিবারের সবাই আনন্দিত। তবে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন অনেকে। কিভাবে পুকুরে ইলিশ এলো তা সবাইকে ভাবিয়ে তুলেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, পুকুরে ইলিশ পাওয়া গেছে, এটা আশ্চর্যের বিষয়। তবে এটা নিয়ে এখনো গবেষণা চলছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের গবেষক ড. লোকমান হোসেন বলেন, ‘দেশের বিভিন্ন পুকুরে ইলিশ পাওয়ার খবর মিডিয়ায় পেয়ে থাকি। বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ করা নিয়ে এখনো গবেষণা চলছে। তবে অতিশিগগিরই গবেষকরা এ নিয়ে সুখবর দেবেন বলে আশা করা যায়। ‘

প্রসঙ্গত, এখন দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে। বাণিজ্যিক ভিত্তিতে পুকুরে ইলিশ চাষ পুরোপুরি শুরু হলে জেলেরা কারেন্ট জাল দিয়ে আর জাটকা নিধন করবেন না বলে আশা করা হচ্ছে। জীবন্ত জাটকা আহরণ করে জেলেরাই ইলিশ চাষিদের কাছে বিক্রি করতে পারবেন। বদ্ধ জলাশয় অর্থাৎ পুকুরে ইলিশ চাষ সর্বত্র বাণিজ্যিক ভিত্তিতে শুরু করা গেলে দেশের মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *