সাবেক গৃহকর্মীকে মেরে পুলিশে দিলেন এমপি নাদিরা

Spread the love

নাগরিক রিপোর্ট : মোবাইল ফোনে কথোপতন রেকর্ড করার অভিযোগে সাবেক গৃহকর্মী রাসেল মুন্সীকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছেন বরগুনার সংরক্ষিত আসনের সদস্য সদস্য (এমপি) সুলতানা নাদিরা। তার আগে রাসেল মুন্সীকে এমপি নাদিরার বাসায় নির্যাতনের অভিযোগ ওঠেছে। রাসেল মুন্সীর বাবা জাকির মুন্সী জানিয়েছেন, ১১ মাসের বকেয়া বেতন চাইতে তিনি ছেলেকে নিয়ে বুধবার সকালে এমপির বাসায় গিয়েছিলেন। মিথ্যা অভিযোগে তার ছেলেকে নির্যাতন করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বিকাল ৩টায় গৃহকর্মী রাসেল মুন্সীকে আটকের কথা স্বীকার করে জানিয়েছেন, আটকের পর রাসেল মুন্সীর মোবাইল ফোন চেক করে কথোপতনের রেকর্ড পাওয়া যায়নি। এমপির সঙ্গে আলোচনা করে রাসেলের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।

রাসেলের বাবা জাকির মুন্সী জানান, বরগুনা- ২ (পাথরঘাটা-বেতাগী-বামনা) আসনের সাবেক এমপি গোলাম সবুর টুলু জীবিত থাকাকালীন কালমেঘা গ্রামে তাদের বাড়িতে তিনি (জাকির মুন্সী) কেয়ারটেকার হিসাবে পুরো পরিবার নিয়ে থাকতেন। তখন তার ১১ মাসের বেতন বকেয়া পড়ে। সড়ক দূর্ঘটনায় এমপি টুলু মৃত্যুবরন করার পর তার পরিবারের কাছে একাধিকবার চাওয়া হলেও তারা বকেয়া বেতন দেননি। জাকির মুন্সী বলেন, টাকা না দেয়ার বিষয়টি তিনি প্রয়াত এমপির চাচাত ভাই সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুকে জানান। হিরু বিষয়টি প্রয়াত এমপির স্ত্রী সংরক্ষিত আসনের সাংসদ নাদিরা সুলতানার সঙ্গে মুঠোফোনে আলাপ করেন। জাকির মুন্সীর বিষয়টি মিটমাট করার পরমর্শ দেন হিরু।

জাকির মুন্সীর অভিযোগ, সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুকে জানানোয় এমপি নাদিরা ক্ষুদ্ধ হন। বুধবার বেলা ১১টার দিকে তিনি ছেলে রাসেলকে নিয়ে এমপির পৌর শহরের বাসায় যান। এসময় কথাবর্তা মোবাইলে রেকর্ড করছে এমন অভিযোগ তুলে রাসেলকে আটক করে মারধর করা হয়। পরে ওসিকে ডেকে আনলে তিনি রাসেলকে থানায় নিয়ে যান।
সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু সমকালকে বলেন, কয়েক মাস আগে জকির মুন্সী বেতন বকেয়া থাকার অভিযোগ জানাতে তার কাছে গিয়েছিলো। তিনি বিষয়টি এমপি নাদিরা সুলতানার মেয়ে রুমকিকে বলেন। এরপরও সমাধান না হওয়ায় তখন ঢাকায় অবস্থানরত এমপি নাদিরা সুলতানার সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। তখন এমপি নাদিরা তাকে কথা দিয়েছিলেন- পাথরঘাটায় ফিরে বিষয়টি মিটমাট করে দেবেন।

গোলাম সরোয়ার হিরু বলেন, গোলাম সবুর টুলু এমপি থাকাকালীন তাদের কালমেঘা গ্রামের বাড়িতে (হিরুরও বাড়ি) জাকির মুন্সী স্বপরিবারে থাকতেন এবং এমপির বাসায় গৃহকর্মীর কাজ করতেন। জাকির মুন্সীর দাবী অনুযায়ী তার বকেয়া বেতনের পরিমান ৩৫ হাজার টাকা। তবে গতকাল বৃহস্পতিবার এমপির পৌর শহরের বাসার ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান সাবেক এমপি হিরু।

এসব অভিযোগের বিষয়ে জানতে সংরক্ষিত আসনের এমপি নাদিরা সুলতানার মুঠোফোনে বুধবার বিকাল ৪টায় কল দেয়া হলে তিনি বরগুনাতে আছেন, পরে কথা বলবেন বলে জানান। প্রায় পনের মিনিট পরে তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, এমপি গোলাম সবুর টুলু মারা গেছেন প্রায় ১০ বছর আগে। এতবছর পর বকেয়া বেতনের দাবী জাকির মুন্সীর ভাওতাবাজী। শহিদুল ইসলাম বলেন, বুধবার সকালে জাকির মুন্সী ও তার ছেলে রাসেল মুন্সী এমপির নাদিরা সুলতানার বাসায় গিয়েছিলো। তখন এমপির সঙ্গে কথাবর্তা গোপনে মুঠোফোনে রেকর্ড করছিল রাসেল মুন্সী। এসময় তাকে আটক করা হয়। পরে পুলিশ এসে কল রেকর্ডের প্রমানও পায়। সে পুলিশের সামনেই নিজের ভুল স্বীকার করে রেকর্ড মুছে ফেলে। এরপরই তাকে ছেড়ে দেয়া হয়েছে দাবী করেন এমপি ব্যক্তিগত সহকারী শহিদুল। রাসেলকে মারধরের অভিযোগ মিথ্যা দাবী করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *