মুলাদীতে জেলের জালে ধরা পড়ল কুমির

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের মুলাদী উপজেলা সংলগ্ন জয়ন্তী নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের কুমির। উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জাবুল হোসেন তালুকদার নামক এক জেলের জালে সোমবার সকাল ৮টার দিকে কুমিরটি আটকে গেছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কুমিরটি সংরক্ষনের ব্যবস্থা করা হয়।

জাবুল হোসেন জানান, এলাকায় ঘোষেরহাট ভুইয়া বাড়ি সংলগ্ন নদীতে তিনি আইর ও পাঙ্গাস মাছ ধরার জাল ফেলেছিলেন। জাল তোলার সময় জালটি ভারি মনে হয়। কিছু ওপরে ওঠার পরই জালের মধ্যে কুমিরের অস্তিত্ব দেখতে পান। পরে কৌশলে জালটি উপরে তুলে স্থানীয় মেম্বরসহ অন্যান্যদের খবর দেন। খবর পেয়ে শত শত উৎসুক মানুষজন সেখানে জড়ো হন।

৬ নম্বর ওয়ার্ড মেম্বর মো. রুবেল জানান, জালে কুমির ধরা পড়ার বিষয়টি তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানান। তারা কুমিরটি সংরক্ষনের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী সেটি অক্ষত রেখে দেয়া হয়েছে।

মুলাদীর এক সংবাদকর্মী জানান, কুমিরটি ৭-৮ ফুট লম্ব হবে। ধারনা করা হচ্ছে সেটি ভাল জাতের কুমির হবে। নদীতে কুমির ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, ধরা পড়া কুমিরের ছবি তিনি বন্যপ্রাণী সংরক্ষন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। তারা কুমিরটি সংরক্ষনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাদের একটি টিম খুলনা থেকে মুলাদীর উদ্দেশ্যে রওনা হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *