মন্ত্রিসভায় আরও ৭ প্রতিমন্ত্রী

Spread the love

নাগরিক ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের মো. আবদুল ওয়াদুদ ও চট্টগ্রাম ১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এবার ৭ জন প্রতিমন্ত্রী যুক্ত হলেন। এ নিয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ১৮। সব মিলিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৪৪–এ।

আওয়ামী লীগের এর আগের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫-২৬ জনে সীমাবদ্ধ ছিল। তবে প্রতিমন্ত্রী ছিলেন ২০ জনের মতো। এ ছাড়া তিনজন উপমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে আগের মন্ত্রিসভা ছিল ৪৯ সদস্যের।

২ Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *