বামরাইল বিএনপি নেতা মোবারক হোসেন কালু হাজি আর নেই, রাজনৈতিক ও সামাজিক মহলে শোক

Spread the love

অনলাইন ডেস্কঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মোঃ মোবারক হোসেন কালু হাজি আর নেই। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উজিরপুর-বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাজনৈতিকভাবে সক্রিয় ও জনপ্রিয় এ নেতা মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৮ জুন) আসরের নামাজের পর বামরাইল ইউনিয়নে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোবারক হোসেন কালু হাজির মৃত্যুতে বামরাইল ইউনিয়নের রাজনীতি ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয় বলে স্থানীয়রা জানান।