সিনিয়রদের বিদায়ে নতুন অধ্যায়ের শুরু, শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জে নেতৃত্বে মিরাজ

Spread the love

দীর্ঘ ১৮ বছর পর প্রথমবারের মতো ‘পঞ্চ পাণ্ডব’—মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ—কারো উপস্থিতি ছাড়াই ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার কলম্বোতে শুরু হতে যাওয়া সিরিজটি তাই ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, যেখানে প্রথমবার অধিনায়কত্ব করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

সিনিয়রদের শূন্যতা দলকে চ্যালেঞ্জের মুখে ফেললেও, এটিকে সম্ভাবনার দুয়ার হিসেবেই দেখছেন নতুন অধিনায়ক। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “নিঃসন্দেহে আমরা সিনিয়র খেলোয়াড়দের মিস করব। তারা দীর্ঘদিন দেশের জন্য খেলেছে। তবে এখন নতুনদের জন্য দারুণ সুযোগ তৈরি হয়েছে। যারা ভালো পারফর্ম করবে, তাদের জন্য ভবিষ্যত আরও উজ্জ্বল হবে।”

সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক ও মাহমুদউল্লাহ দলে থাকলেও এবার তাদের কেউ নেই। মিরাজ জানালেন, সেই দুই জায়গায় কাকে খেলানো হবে, তা নিয়ে ভাবনা চলছে। তিনি বলেন, “আমরা পরিকল্পনা করছি, কারা তাদের জায়গা নিতে পারে। ১-২ সিরিজে সব কিছু গুছিয়ে ফেলা সম্ভব নয়। সময় লাগবে।”

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর ইঙ্গিত দিয়ে মিরাজ আরও বলেন, “বিশ্বকাপের জন্য আমাদের হাতে ভালো সময় আছে। নতুন যারা এসেছে, তাদের জন্য এটি নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ। আমরা ধাপে ধাপে দলকে প্রস্তুত করব।”

বাংলাদেশ দলের এই রূপান্তরের সময়ে এই সিরিজ কেবল ফলাফলের নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য রূপরেখা নির্ধারণেরও এক পরীক্ষামূলক পর্ব হয়ে উঠতে যাচ্ছে।