বাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দুই শিক্ষার্থীর অনশন

Spread the love

নাগরিক রিপোর্ট
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে দুই শিক্ষার্থী অনশন শুরু করেছেন। ইতিহাস বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী ফেরদৌস রুমি রোববার বেলা দেড়টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন। সোমবার সন্ধা সাড়ে ৭টায় খোঁজ নিয়ে জানা গেছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে অনশন অব্যাহত রয়েছে। বিকেলে রুমির সঙ্গে ছাত্র অধিকার পরিষদের কলেজ শাখার সাধারণ সম্পাদক মাইনুল হকও অনশন শুরু করেছেন।

অনশনরত রুমি বলেন, ৩২ হাজার শিক্ষার্থীর পদচারনায় মুখর বিএম কলেজ। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ২৪ বছর ধরে কলেজটিতে নির্বাচন হচ্ছেনা। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারছে না বাকসু। নির্বাচনের দাবিতে এক মাসের অধিক বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কিন্ত কর্তৃপক্ষ কোন কর্ণপাত করছেন না। বাধ্য হয়ে অনশনে বসেেেছন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত অনশন চলবে।

অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র কামরুল ইসলাম বলেন, বাকসু নির্বাচনের দাবীতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। রোববার দুপুর একটা থেকে এ দাবীতে ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র ফেরদৌস রুমী অনশনে বসেন। সোমবার থেকে ছাত্রধিকার পরিষদের বিএম কলেজ শাখার সাধারন সম্পাদক মাইনল হক অনশন শুরু করেছেন।
তিনি বলেন, বাকসু নির্বাচনের তারিখ ঘোষনা না করলে তারা অনশনের পাশাপাশি অচিরেই কলেজে শাটডাউন ঘোষনা দিতে পারেন।

বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে শিক্ষকদের নিয়ে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে। এখন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরুর পরেই বিএম কলেজে বাকসু নির্বাচনের দাবী ওঠে। ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও এনসিপি সমর্থিত গণতান্ত্রিক ছাত্র শক্তির কর্মীরা সাধারন ছাত্র ব্যানারে এ আন্দোলন করছেন। তবে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো নিরব রয়েছে।