শুধু জয় নিয়েই ভাবেন সাকিব

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বিশ্বকাপের শেষটা ভালো হয়নি বাংলাদেশ দলের। শ্রীলংকা সিরিজ গেছে ভুলে যাওয়ার মতো। বাংলাদেশ ‘এ’ দল আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ভালো করেনি। সব মিলিয়ে কিছুদিন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে তেমন ভালো খবর নেই। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের টেস্টটা তাই জেতা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হবে দু’দল।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, সামগ্রিক বিবেচনায় বাংলাদেশ ক্রিকেটে শেষ কিছুদিন ভালো সময় কাটেনি। কেবল অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে ফাইনাল (ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ) খেলেছে। সেদিক থেকে দেখলে আমাদের জন্য আফগানিস্তান ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটা ভালোভাবে জিততে পারলে অনেক কিছুই আবার স্বাভাবিক হতে শুরু করবে।’

টেস্টের নবীন সদস্য আফগানিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় টেস্টে খেলতে নামছে তারা। অভিজ্ঞতা-র বিবেচনায় বাংলাদেশ তাদের চেয়ে এগিয়ে। ভক্তরা তাই আফগানদের বিপক্ষে অন্তত টেস্টে বড় জয় প্রত্যাশা করবে। কিন্তু সাকিবকে বড় জয় কিংবা আফগানদের সহজে হারালেও প্রশংসা পাওয়া যাবে না; এই ব্যাপারগুলো ভাবাচ্ছে না।

টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব বলেন, ‘জয়টাই গুরুত্বপূর্ণ। ভালো আর খারাপভাবে জয় বলে কিছু নেই। এক রানে জিতলেও সেটি জয়, একশ’ রানে জিতলেও জয়। এক উইকেট হোক বা ১০ উইকেট, আমার কাছে জয় জয়ই। জেতাটাই গুরুত্বপূর্ণ। ভক্তরা যেভাবেই দেখুক, আমরা জানি এটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ। মানুষ প্রশংসা করল কি-না সেটা আমাদের দেখার বিষয় নয়। ভালো খেললে আমরা নিজেরাই নিজেদের প্রশংসা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *