নাগরিক রিপোর্ট ॥ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের ৮ জুয়ারিকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে বিল্লগ্রাম বাজারে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা- হামলার ঘটনা ঘটে। এসময় একটি দোকান ভাঙচুরসহ ৫জন আহত হয়। গুরুতর আহত আব্দুস সালাম সরদারকে (৩০) বরিশাল শেবাচিম হাসপাতালে ও ছাত্রলীগ নেতা জাহিদুল, তার সহকর্মী মাইনুল ইসলাম ও আরফি হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গৌরনদী মডেল থানার একদল পুলিশ মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলায় অবস্থায় কাইয়ুম হোসেন (৫০), নাঈম ইসলাম (২২), মামুন (৪০), সাব্বির (২২)সহ ৮ জুয়ারিকে আটক করে থানায় নিয়ে যান।
গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য ও কলেজ ছাত্র সংসদের জিএস মোঃ জাহিদুল ইসলাম অভিযোগ করেন, জুয়ারি গ্রেপ্তারের ঘটনা তাকে দায়ী করছে জুয়ারির স্বজনরা। এর জেরে তিনি বিল্লগ্রাম বাজারে আসার পথে মঙ্গলবার বিকেলে বিল্লগ্রাম মৃধা বাড়ির সামনে পৌছলে সন্ত্রাসী কালা সালাম সরদার (২৮) কালু সরদার (৩০) নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সংবাদ ছড়িয়ে পরলে তার সমর্থকরা এসে বিরোধ জরিয়ে পরে।
তবে যুবলীগ সদস্য ঝন্টু বেপারী, কালা সালাম সরদার ও কালু সরদার পাল্টা অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা জাহিদের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকেল ৫টার দিকে বিল্লগ্রাম বাজারের ব্যবসায়ী ও নিরহ মানুষের ওপর হামলা চালিয়ে ফার্মেসী ভাঙচুর, মালামাল তছনছ ও তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। রক্তাক্ত জখম আব্দুস সালাম সরদারকে (৩০) শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
বিল্লগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হামিদ বেপারী জানান, বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট কর্মসূচী পালন করা হয়। এব্যপারে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, জুয়ারী আটককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জন্য একে অপরকে দায়ী করেছে। এ ঘটনায় সাধারন ডায়রী করা হয়েছে।
২০১৯-০৯-১১
