ছিনতাই হওয়া ৫ মন ইলিশ উদ্ধার: গ্রেফতার-৩

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে ছিনতাই হওয়া ৫ মন ইলিশ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত দুটি পিকআপসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- পিকআপ মালিক বিশ্বজিৎ সরকার, পিকআপ চালক তাপস সরকার ও সহযোগী মো: মনিরুজ্জামান। এ মাছ পটুয়াখালীর মহিপুর থেকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল।
শনিবার মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো: মোকতার হোসেন জানান, ইলিশ ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার বাদী মো: জালাল পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুর বন্দর থেকে দেড় লাখ টাকা মূল্যের ৫ মন ইলিশ ক্রয় করেন। মৎস ব্যবসায়ী জালাল ও তার শ্যালক এলাহি গত ১০ সেপ্টেম্বর ইলিশ মাছগুলো একটি পিকআপ ভ্যান ভাড়া করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন।
ওই পিকআপ ভ্যানের চালক তাপস সরকার ১১ সেপ্টেম্বর ভোররাতে পিকআপটি ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন অমৃত গুড়া মশলা ফ্যাক্টরির সামনে থামায়। এসময় সেখানে মোটরসাইকেলে করে পলাতক আসামী মুন্না মোল্লা ওরফে নূরে আলম ও গ্রেফতারকৃত মনিরুজ্জামান হাজির হন। ঘটনার সময় গ্রেফতার হওয়া অপর আসামী বিশ্বজিৎ সরকার সড়কের মোড়ে অবস্থান নেয়।
পরে তারা মৎস ব্যবসায়ী জালাল ও তার শ্যালককে পিকআপ থেকে নামিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এর পরপরই অন্য একটি পিকআপ এনে ইলিশ মাছগুলো সেটাতে তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আসামীরা। অপরদিকে চালক তাপসও তার পিকআপ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনা ১২ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানাকে অবহিত করা হলে পুলিশের ৩টি টিম অভিযানে নামে। অভিযানে নেমে ২৪ ঘন্টার মধ্যেই ৩ জনকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া ৫ মণ ইলিশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *