নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর মধ্য থেকে নির্মিত প্রায় ৪ কিলোমিটারের ফোর লেন সচল করার উদ্যোগ নিয়েছে মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)। দীর্ঘদিন ধরে এ সড়কটি অনেকটা বেদখল হয়ে আছে। গত দুই দিন ধরে এ লক্ষ্যে পথসভা ও প্রচারনাও চালাচ্ছে ট্রাফিক বিভাগ। বিএমপি জানিয়েছে, ফোর লেন সচল করতে “কুইক রেসপন্স” নামে একটি টিমও গঠন করা হয়েছে।
রোববার নগরীর রুপাতলী বাস স্টান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে এক সচেতনতামুলক পথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার খায়রুল আলম বলেন, নগরীর ফোরলেনসহ সড়কগুলো যানজট মুক্ত ও নিরাপদ সড়ক করার ক্ষেত্রে কার্যক্রম চলছে। ফোরলেন দখল করে যানবাহন রাখা হলে তা আটক করা হবে। তিনি বাস, মিনিবাস, মাইক্রোবাস সহ বিভিন্ন হালকা ভারী যান-বাহনে যেসব কাগজ-পত্র ও ফিটনেস বিহীন রয়েছে সেগুলো দ্রুত সম্পূর্ণ করার জন্য বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
এর আগে রোববার সকালে বরিশাল নগরীর কাশিপুর পেট্রোলপাম্প থেকে সিন্ডবি রোড পর্যন্ত ফোর লেনের কার্যক্রম সচল করার উদ্যোগ নেয় ট্রাফক বিভাগ। উপ-পুলিশ কমিশনার খায়রুল উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন। ফোরলেন ব্যবহারে যানবাহন চালকদের উৎসাহিত করতে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ এর ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া শনিবার নগরীর নথুল্লাবাদ ও চৌমাথা এলাকায় ফোর লেন সচল করতে যানজট মুক্ত নিরাপদ সড়ক বিষয়ক পথসভা করে ট্রাফিক বিভাগ।
এব্যপারে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরির্দক(প্রশাসন) শামসুল আলম বলেন, নগরীর মধ্যের ফোর লেনটি অনেক আগে চালু করা হয়। কিন্তু নানা কারনে এটি সচল করা যায়নি। এটি সচল করতে একটি টিম গঠন করা হয়েছে যার নাম ‘কুইক রেসপন্স’। এই টিমে ৬জন সার্জেন্টসহ বেশ কয়েকজন সদস্য থাকবেন। এই টিম দ্রুত ব্যবস্থা নিবে। তিনি বলেন, ফোর লেনে চলাচলের আইন মেনে চলাচল করার জন্য ট্রাফিকও থাকবে।
২০১৯-০৯-১৬
