নাগরিক রিপোর্ট ॥ রাজধানীর বিভিন্ন এলাকায় ক্যাসিনো বা জুয়ার আসর নিয়ন্ত্রণের বিষয়ে অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধেও। এরই মধ্যে তার ব্যাংকের হিসাবও তলব করা হয়েছে। এমন পরিস্থিতিতে তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রবিবার নিষেধাজ্ঞা জানিয়ে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে চিঠি পাঠিয়েছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি পুলিশ সদরদপ্তরের এ সংক্রান্ত একটি আদেশ দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়েছে। পুলিশের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য একাধিক সূত্রও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো বলেছে, সম্রাট এখন আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। এ অবস্থায় তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বিমানবন্দর ও স্থলবন্দরে একটি চিঠি পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ক্যাসিনো নিয়ন্ত্রণসহ সম্রাটের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। আমরা সেগুলো তদন্ত করছি। তদন্তের পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীকে সোমবার (২৩ সেপ্টেম্বর) চিঠি পাঠিয়ে এ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, তার স্ত্রী ফারজানা চৌধুরী ও ইসমাইল চৌধুরী সম্রাটের নামে কোনো ব্যাংক হিসাব বর্তমানে বা অতীতে পরিচালিত হয়ে থাকলে সেগুলোর যাবতীয় তথ্য জরুরিভাবে ২৪ সেপ্টেম্বরের মধ্যে এনবিআরে পাঠাতে হবে।
অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, যুবলীগ নেতা সম্রাটের বিষয়ে খোঁজ-খবর রাখছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর ক্যাসিনো ব্যবসায় সম্রাটের নাম সমালোচিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ-ও যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্রাটসহ ক্ষমতাধর যেই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ দিকে গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও জি কে শামীমসহ সব ক্যাসিনো ব্যবসায়ীদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
