প্রধানমন্ত্রীর অপেক্ষা: কে হচ্ছেন ববি ভিসি?

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কাল মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে পুরোপুরি অভিভাবকহীন হচ্ছে। ট্রেজারার প্রফেসর ড. এ.কে.এম মাহবুব হাসান টানা ৪ মাস ভিসির রুটিন দায়িত্ব পালন করছিলেন। আজ সোমবার ট্রেজারার পদের মেয়াদ শেষ। গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। বিশ্ববিদ্যালটিতে এখনও নিয়োগ হয়নি নতুন ট্রেজারার। রেজিষ্ট্রার পদও শুন্য প্রায় ১ বছর। ভিসির রুটিন দায়িত্ব পালন করার মতো পদাধিকার কেউ না থাকায় প্রতিষ্ঠানটি এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠতব্য ভর্তি পরীক্ষা। এমনকি গত কয়েকমাসে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। তবে বিভিন্ন সুত্রে নিশ্চিত হওয়া গেছে, শিগগিরিই ববিতে একজন ভিসি নিয়োগ হচ্ছে। ইতোমধ্যে ৬জন প্রথিতযশা অধ্যাপক আছেন ববি ভিসি’র তালিকায়। প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে বলে সুত্র নিশ্চিত করেছে।
ছাত্র আন্দোলনের মুখে পড়ে তৎকালীন ভিসি প্রফেসর ড. এস.এম ইমামুল হক মেয়াদ শেষ হওয়ার ৪৪দিন আগে ছুটিতে যেতে বাধ্য হন। ২৫ জুন থেকে ভিসির রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.কে.এম মাহবুব হাসান। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, প্রফেসর ড. এ.কে.এম মাহবুব হাসান ২০১৫ সালের ৮ অক্টোবর ববিতে ট্রেজারার পদে যোগদান করেন। সে হিসাবে তার চার বছরের মেয়াদ পূর্ন হবে আজ ৭ অক্টোবর। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার শেষ কর্মদিবস করেছেন তিনি। ওই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ড. মাহবুবকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ট্রেজারার পদ শুন্য হওয়ার পাশাপাশি রেজিষ্ট্রারও নেই ববিতে। রেজিষ্ট্রার মনিরুল ইসলাম একবছর আগে বরখাস্ত হন। বিষয়টি নিয়ে মনিরুল ইসলাম মামলা করায় নতুন রেজিষ্ট্রারও নিয়োগ হয়নি। ফলে ট্রেজারার ও রেজিষ্ট্রার পদ শুন্য হওয়ায় ভিসির রুটিন দায়িত্ব পালন করার মতো পদাধিকার কেউ নেই। নতুন ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত এভাবেই চলবে গুরত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠানটি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া জানান, শেষ কর্মদিবস হওয়ায় বৃহস্পতিবার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ট্রেজারারকে ফুলেল শুভেচ্ছা জানান। এখন ভিসি, ট্রেজারার ও রেজিষ্ট্রার ৩টি পদই শুন্য। এমন অবস্থায় ১৮ ও ১৯ অক্টোবরের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, প্রশ্নপত্র প্রনয়নসহ পরীক্ষা গ্রহনের প্রধান হলেন ভিসি। পদটি শুন্য হওয়ায় কিভাবে ভর্তি পরীক্ষা গ্রহন হবে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
কে হচ্ছেন নতুন ভিসি: সাবেক ভিসি প্রফেসর ড. এস.এম ইমামুল হকের মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত ভিসিকে ছুটি দেয়া হয়। এর পর থেকে টানা সাড়ে ৫ মাস পূর্নাঙ্গ ভিসি না থাকায় স্থবির হয়ে পড়েছে দক্ষিনাঞ্চলের উচ্চশিক্ষার এ বাতিঘরটি। অস্থিরতা আর কোন্দলে চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে ববির।
তবে একাধিক দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে, খুব শিগগিরিই নতুন ভিসি পাচ্ছে ববি। ভিসির একটি প্যানেলও চুড়ান্ত করেছে শিক্ষামন্ত্রনালয়। ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর নাম চুড়ান্ত করা হবে। ওই সুত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী জাতিসংঘের সম্মেলনে যোগ দেয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগরে অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুবের নাম চুড়ান্ত করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছিল। অন্তত ৩ জনের নামের একটি প্যানেল করার জন্য প্রধানমন্ত্রী একক নামের প্রস্তাবটি ফেরত পাঠান।
সুত্রটি জানায়, ববির সম্ভাব্য ভিসির তালিকায় যাদের নাম আছে তারা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব এবং হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গনিত বিভাগের অধ্যাপক ড. মো: আবু নাঈম শেখ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলম, ভু তত্ব ও খনিজবিদ্যা বিভাগ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রহমত আলী।
এব্যপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবগত আছেন। প্রতিষ্ঠানটিতে শিগগিরিই নতুন ভিসি দেয়া হবে। কাকে দেয়া হবে এখনই বলা যাচ্ছেনা। তার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *