আবরার হত্যায় বরিশালে ক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। মঙ্গলবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্র ফেডারেশন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে বিকেলে বিক্ষোভ করেছে। বুধবার আহবান করা হয়েছে নানা কর্মসুচী।
মঙ্গলবার সকাল ১০ টায় বিএম কলেজের শহীদ মিনার চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীরা সমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে নতুন বাজার ও নথুল্লাবাদ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে ফিরে সমাবেশ করে। জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেমে বক্তব্য রাখেন, রাহুল দাস, ফয়সাল আহম্মেদ, রেজাউল করিম, আবু বক্কর সিদ্দিক, জাহাঙ্গীর আলম, নজরূল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করেন রনি খন্দকার। সমাবেশ থেকে আজ বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল করার ঘোষণা দেওয়া হয়। এদিকে জোহরের নামাজ শেষে বিএম কলেজের একদল সাধারণ শিক্ষার্থী আবরার ফাহাদের রূহের মাগফেরাত কামনায় গায়েবি নামাজে জানাযা পড়েছেন।
এছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশন বেলা ১১ টায় নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ছাত্র ফেডারেশনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে আজাদ, গণ সংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ জাবের হোসেন, হাসিব আহম্মেদ, শারমিন আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন নবিন আহম্মেদ। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোজাম্মলে হক সাগর, নিলীমা জাহান, সন্তু মিত্র, ইশাদ, ইমাম, মাহাবুব, রাকবি প্রমূখ। এছাড়া বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষে নগরীতে বিক্ষোভ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *