নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর নৌ-বন্দর সংলগ্ন শিরিন ফার্মেসীর স্বত্ত্বাধিকারী শিরিন খানম নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফার্মেসীতেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর আগ মুহর্তে এ নারী ফেসবুক লাইভে তার ব্যবসার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন মৃতের ভাই ইউসুফ মৃধা। মামলায় নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এ টি এম শহীদুল্লাহ কবির, ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রিন্সসহ বেশ কয়েকজন।
পারিবারিক সূত্র জানিয়েছে, ডিভোর্সী শিরিন খানম এক সন্তানের জননী ছিলেন। দীর্ঘদিন ফার্মেসী ব্যবসার পাশাপাশি নানান কর্মকান্ডে আলোচিত হয়ে ‘টিকটক শিরিন’ নামে পরিচিতি লাভ করে তিনি। মৃত্যুর পূর্বে ফেসবুকের লাইভ এসে তার মালিকানাধীন শিরিন মেডিকেল হল নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাকে ফার্মেসী থেকে উৎখাতের ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিভিন্ন ব্যক্তির নামও প্রকাশ করেন। পৃথক লাইভ ভিডিওতে তিনি সংশ্লিষ্ট ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সহ পাশর্^বর্তী বেশ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। ষড়যন্ত্রে তিনি মানসিক যন্ত্রনায় ভূগছেন, তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে বাঁচতে চাওয়ার আকুতি জানানোর কিছুক্ষন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। সম্প্রতি শিরিন খানম ‘আজকের ক্রাইম নিউজ’ নামক একটি অনলাইন নিউজ পোর্টাল চালু করেন। প্রত্রিকাটিতে নির্বাহী সম্পাদক হিসেবে তার নাম দেখা যায়।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম বলেন, ওষুধ ব্যবসায়ী শিরিন খানমের মৃত্যুর ঘটনায় তার ভাই ইউসুফ মৃধা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় শিরিনকে বিষপ্রয়োগে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। ওসি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেস্টা চলছে।
২০১৯-১০-২৮
