নাগরিক রিপোর্ট ॥ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, বর্তমান সরকার বিগত ১১ বছরে বাংলাদেশ থেকে ৮লাখ কোটি টাকা পাঁচার করেছে। প্রতিবছর দেশ থেকে ৭০ থেকে ৭৫ হাজার কোটি টাকা পাঁচার করা হচ্ছে। সরকার উন্নয়ন আর মুক্তিযুদ্ধের নামে দেশের মানুষকে ভাল রাখতে পারে না। দেশের মানুষ ভাল নেই, সরকারও ভাল নেই, তাই একটু শুদ্ধি অভিযান করছে মাত্র।
বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ছাত্র ফেডারেশন আয়োজিত ‘দূর্ণীতি ও ধর্ষন’ বিরোধী বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জুনায়েদ সাকি।
তিনি আরও বলেন, গত ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে গ্রহন করে যারা এত বড় অন্যায় করেছে, তাদের মুখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানায় না। এ রকম অন্যায় কোন দেশে আজ পর্যন্ত হয়নি। এসব ভোটের কাজে অংশ নিয়েছে প্রশাসন। তাদের দিয়ে দূর্ণীতি বিরোধী অভিযান শোভা পায়না।
জেলা ছাত্র ফেডারেশনের আহবায়ক নবীন আহমেদের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে অন্যান্যের মধ্যে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাহিদ সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, বরিশাল জেলা সদস্য শাকিবুল ইসলাম শাফিন ও রাইদুল ইসলাম সাকিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিভাগীয় সমাবেশে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাহিদ সুজন ছাত্র ফেডারেশন সদস্যদের অনিয়ম ও দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
২০১৯-১০-৩১
