নাগরিক রিপোর্ট ॥ অনুপ্রবেশকারীর তালিকায় নাম থাকার অভিযোগে বরিশালে এক কাউন্সিলরকে আওয়ামীলীগ থেকে এবং ছাত্রলীগ নেতাকে সভাপতি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন- বরিশাল সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুজ্জামান বাদশা এবং সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল। সম্প্রতি প্রকাশিত আওয়ামীলীগে অনুপ্রবেশকারীর তালিকায় এ দুজনের নাম ছিল।
বুধবার রাতে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞতিতে রাসেল মুন্সীকে ছাত্রলীগের সকল কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। তবে এর কোন কারন উল্লেখ করা হয়নি। অপরদিকে বুধবার রাতে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিলর তৌহিদুজ্জামান বাদশাকে আওয়ামীলীগ থেকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছেন।
উল্লেখ্য, কাউন্সিলর বাদশা সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণের সময়ে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগ দিয়েছিলেন। রাসেল মুন্সী নগরী সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। তার বড় বোন রেহেনা বেগম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান।
২০১৯-১১-০৭
