বাবার জন্য ক্ষমা চাইলেন রাঙ্গার মেয়ে

Spread the love

শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসমিন জুঁই।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে বাবার পক্ষে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে বাবার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন জুঁই।

ফেসবুক লাইভে এসে মালিহা তাসমিন জুঁই বলেন, ‘আমি মসিউর রহমান রাঙ্গা সাহেবের মেয়ে। বাবার হয়ে আমি কিছু কথা বলতে চাই। দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। রাঙ্গা সাহেব দেশবাসী, নূর হোসেনের মা, ভাই, পরিবার এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করবেন। দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন।’

মালিহা তাসমিন জুঁই বলেন, শনিবার (০৯ নভেম্বর) রাতে একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার একটু ঝামেলা হয়। বাবা আমাকে অনেক ভালোবাসেন। অনেক আদর করেন। এরপরও ওই দিন রাতে ছোট একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে আমার রাগারাগি হয়। বিষয়টি নিয়ে আমাকে বকাঝকা করেন বাবা। এ নিয়ে ওই দিন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন রোববার সকালে ঘরের কাউকে কিছু না বলে এমনকি নাস্তা না করে বাইরে চলে যান। পরে আমি বুঝতে পারলাম আমার ওপর অনেক রাগ করেছেন বাবা।

এরই মধ্যে ওই দিন সকালে পার্টি অফিসে গিয়ে নেতাকর্মীর কাছে বাবা শুনতে পান গণতন্ত্র দিবসে কিছু লোক বলেছেন, ‘এরশাদের দুই গালে জুতা মারো তালে তালে’। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদ সম্পর্কে এসব কথাবার্তা শোনার পর মাথা ঠিক ছিল না বাবার। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। কারণ এরশাদকে নিজের বাবার মতো জানেন আমার বাবা। এজন্য প্রতিক্রিয়া জানতে গিয়ে নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বাবা। বাবার বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাবার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে মন্তব্য করায় বুধবার (১৩ নভেম্বর) সংসদে দাঁড়িয়ে সবার কাছে নিঃশর্তভাবে করজোড়ে ক্ষমা চেয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। সাবেক এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি কোনো রকমের ভুল করে থাকি তার জন্য ক্ষমা চাচ্ছি, নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। আমার কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *