নাগরিক রিপোর্ট ॥ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সভা এখন থেকে নিয়মিত করার ঘোষণা দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এ কমিটির সভা নিয়মিত না হওয়ায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের আইনগত অধিকার বাস্তবায়নের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন- মঙ্গলবার বরিশালে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সদস্যদের এক সেমিনারে এমন অভিযোগ উঠলে প্রধান অতিথি জেলা প্রশাসক এ ঘোষণা দেন। তিনি সেমিনারেই আগামী ৪ ডিসেম্বর কমিটির পরবর্তী সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওই সভায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সভা নিয়মিত না হওয়ার অভিযোগ করে সভার সভাপতি বদিউল আলম বলেন, ‘প্রতিবন্ধীরা দয়া নয়, অধিকার চান।’
সেমিনারে বক্তারা বলেন, জেলা প্রশাসককে সভাপতি করে গঠিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির বছরে অন্তত ৪টি সভা করার নিয়ম রয়েছে। প্রতিটি সভায় প্রতিবন্ধীদের আইনী অধিকারগুলো ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি-না এবং প্রতিবন্ধীদের অভিযোগগুলো শুনানীর মাধ্যমে নিস্পত্তি করবেন। দেশের কোন জেলাতেই এ কমিটির সভা নিয়মিত হয়না। বরিশালের চিত্র তুলে ধরে বলা হয় চলতি বছরের একমাত্র সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৮ এপ্রিল।
জেলা প্রশাসকের সভাকক্ষে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদিউল আলম। প্রতিবন্ধীত ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইনের ২০১৩ এর ৩৬ ধারার ওপর আলোচনা করেন ইপিডি ব্রু ল ইন্টারন্যাশনালের প্রকল্প পরিচালক হেজি স্মিথ।
সভায় সমাজসেবা অধিদপ্তরের সেবামুলক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বক্তরা বলেন, ৯০ ভাগ মানুষ এ বিষয়ে জানেন না। অথচ সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, জেলায় প্রায় ৩০ হাজার ৯০০ প্রতিবন্ধী রয়েছে।
আলোচনায় অংশগ্রহন করেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন তালুকদার, ব্লাষ্টের বরিশালের সমম্বয়কারী অ্যাডভোকেট শাহিদা তালুকদার, মানবধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ প্রমুখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমম্বয়কারী মিঠু বসু।
২০১৯-১১-১৯
