নাগরিক রিপোর্ট ॥ মাঝ নদীতে বরিশাল থেকে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। সুরভী- ৯ ও মানামী লঞ্চের মধ্যে ধাক্কাধাক্কিতে উভয় লঞ্চের যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নদীতে পানি কম থাকায় দুটি লঞ্চের মধ্যে ঘেষাঘেষি হয়েছিল মাত্র দাবী করেছেন অভিযুক্ত দুটি লঞ্চের দায়িত্বরতরা।
মানামী লঞ্চের যাত্রী পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী জানান, রাত ১২টার দিকে প্রচন্ড ঝাকুনিতে তিনিসহ সকল যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। কেবিন থেকে বেরিয়ে দেখতে পান পাশে থাকা সুরভী-৯ লঞ্চের সঙ্গে আটকে গেছে মানামী। এভাবে প্রায় ৫ মিনিট চলার লঞ্চ দুটি আলাদা হয়। গৌতম নারায়ন চৌধুরী বলেন, নদীর মধ্যে দুটি লঞ্চ পাশাপাশি আটকে পড়ে একসঙ্গে চলার সময় যাত্রীদের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়।
মানামী লঞ্চের মাষ্টার মো. মানিক ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার করে বলেন, মেহেন্দিগঞ্জের নলবুনিয়া এলাকায় তেতুলিয়ার শাখা নদীতে নাব্য সংকট থাকায় দুটি লঞ্চ পাশাপাশি যেতে পারেনা। মঙ্গলবার মধ্যরাতে ওই স্থান অতিক্রম করার সময় কে আগে যাবেন এনিয়ে দুই লঞ্চের মাষ্টারের মধ্যে ভূলবোঝাবুঝি হয়। এসময় একটি লঞ্চ অপরটিকে অতিক্রম করার সময় দুটি লঞ্চের ঘেষাঘেষি দেখে যাত্রীরা আতংকিত হন। তবে দুটি লঞ্চের ধাক্কাধক্কি কিম্বা ঝাকুনীর অভিযোগ অস্বীকার করেন মাষ্টার মো. মানিক। একই কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক সুরভী-৯ লঞ্চের এক কর্মচারী। উভয়ে বলেন তারা বিষযটি নিয়ে কেউ কারো বিরুদ্ধে নৌ বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেননি।
২০১৯-১১-২৭
