নাগরিক রিপোর্ট ॥ বরিশালের গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আনিস সরদার (৩৬) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আবু শামীম আজাদ এই দন্ডাদেশ দেন। দন্ডিত আনিস সরদার গৌরনদীর কা-পাশা গ্রামের কাশেম সরদারের ছেলে। রায় ঘোষণা কালে আনিস আদালতে উপস্থিত ছিলো।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইইব্যুনালের পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠানে খেলতে ছিল ১৬ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিস সরদার কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী খড়-কুটার মধ্যে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে ঘটনার তিন দিন পরে ১৩ মে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিস সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন গৌরনদী থানার এসআই মাহবুব আলম। পরে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক ওই দ-াদেশ দিয়েছেন।
২০১৯-১১-২৭
