নাগরিক ডেক্স : গুলশানের হলি আর্টিজানে হামলা মামলার রায়ের দিন মাথায় দেয়া আইএসের চিহ্নযুক্ত টুপি আদালত চত্ত্বর থেকেই পাওয়া বলে জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান। আজ অন্য একটি মামলার শুনানির সময় বিচারকের প্রশ্নে রিগ্যান এ তথ্য জানিয়ে বলেন, ভিড়ের মধ্যে কেউ একজন তাকে টুপি দিয়েছিল। ওই ব্যক্তিকে তিনি চিনেন না বলে দাবি করেন।
মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় রিগ্যানকে হাজির করা হয়। এই ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান গত ২৭শে নভেম্বর গুলশান হামলার মামলার রায় দিয়েছিলেন। ওই দিন আদালত চত্বরে দুই জঙ্গির মাথায় আইএসের চিহ্নযুক্ত কালো টুপি দেখা যায়। যা নিয়ে সমালোচনা শুরু হলে কারাকর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা। মঙ্গলবার জাহাজ বাড়ির মামলার শুনানির সময় বিচারক মজিবুর রহমান রিগ্যানের কাছে জানতে চান, সেদিন ওই টুপিটি কোথায় পেয়েছিলেন তিনি। কাঠগড়ায় থাকা রিগ্যান তখন বলেন, ভিড়ের মধ্যে একজন দিয়েছে।
