স্ত্রী-সন্তান বাঁচিয়ে কয়লা হলেন আজিম

Spread the love

নাগরিক ডেক্স : আগুন থেকে স্ত্রী-সন্তান বাঁচলেও পুড়ে কয়লা হলেন নুরুল আজিম (৩২) নামের এক যুবক। এ নিয়ে রহস্য দানা বাঁধলেও কোনো রকম অপরাধ সংঘটিত হওয়ার আলামত পাচ্ছে না পুলিশ। ফায়ার সার্ভিসও বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী গ্রামে পৌর মেয়র আবুল হোসেন আবুর বাড়ির পাশে নিজ বাড়িতে লাগা অগ্নিকাণ্ডে পুড়ে কয়লা হওয়ার এমন নির্মম ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানান, নুরুল আলম ও নুরুল আজিম নামের দুই ভাই পরিবার নিয়ে বসবাস করেন। পাশাপাশি দুটি ঘরের একটি বাঁশের বেড়া দিয়ে তৈরি। সেখানে তাদের প্রতিবেশী শাহ আলমের নির্মাণাধীন পাকা ঘর।

রাত ১টার দিকে লাগা আগুনে এই দুটি ঘর পুড়ে গেছে। বোয়ালখালী ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক দলের কর্মীরা এসে রাত দেড়টায় আগুন নেভান। পরে ঘরের ভেতরে ফায়ার কর্মীদের তল্লাশিতে নুরুল আজিমের মরদেহ পাওয়া যায়।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, নুরুল আজিমের স্ত্রী ও চার বছরের সন্তান নিরাপদে বের হতে পেরেছে। কিন্তু নুরুল আজিম পুড়ে একেবারে কয়লা হয়ে গেছেন। সবাই ঘুমে ছিল। অগ্নিকাণ্ডের সময় যে যার যার মতো করে বেরিয়ে যান। পরে দেখা যায়, নুরুল আজিম বের হতে পারেননি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের কথা ফায়ার সার্ভিস জানিয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক হেলাল।

নুরুল আলমও বলেছেন, আগুন লাগার পর স্ত্রী-সন্তানকে নিরাপদে বের করে দিয়ে ঘরের ভেতরে আটকা পড়েন নুরুল আজিম (৩২)। এতে পুড়ে কয়লা হয়ে নির্মমভাবে মৃত্যু ঘটে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *