ঘটা করে সংসার শুরু করবেন আফতাব-গুলতেকিন

Spread the love

নাগরিক ডেক্স : কয়েক মাস আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেছেন কবি গুলতেকিন খান। তবে এখনো একসঙ্গে থাকা শুরু করেননি তারা। খুব শিগগির বিয়ের অনুষ্ঠান করে নতুনভাবে পথচলা শুরু করবেন গুলতেকিন-আফতাব দম্পতি। সম্প্রতি এক সাক্ষাতকারে গুলতেকিন ও আফতাব দুজনেই এ কথা জানিয়েছেন।

গুলতেকিন বলেন, ‘আমরা এখনো ফরমালি একসঙ্গে থাকা শুরু করিনি। ছোট একটা অনুষ্ঠান করে ফ্যামিলি গেট-টুগেদারের পরেই আমরা ফরমালি সংসার শুরু করব।’

তার কথায় সুর মিলিয়ে নতুন জীবনসঙ্গী কবি আফতাব আহমদ বলেন, ‘আমাদের দুজনেরই পরিবার আছে। পরিবারটা তাই নতুন নয়। বরং এক্সটেনডেড হয়েছে। সবাইকে নিয়েই পরিবার হয়। কিন্তু এখনো আমরা সবাইকে এক জায়গায় করতে পারিনি। ভবিষ্যতে হয়তো তা পারব।’

তিনি আরও বলেন, ‘অনানুষ্ঠানিকই হোক বা আধা আনুষ্ঠানিক হোক একটা অনুষ্ঠান হবে। সবাইকে নিয়ে করতে চাই বলেই একটু সময় লাগবে। আর সেটা মার্চ নাগাদ হতে পারে।’

গত বছরের ১৪ নভেম্বর সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর প্রকাশিত হয়। পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা। তবে তখনো তারা কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

প্রসঙ্গত, বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। অন্যদিকে আফতাব আহমদের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *