নাগরিক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়ার রাজিহারে পৌষ সংক্রান্তির গোসাই নবান্ন উপলক্ষে বসেছে ২৪০ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা। বুধবার ভোর থেকেই গ্রামীন জনপদে শুরু হয় মারবেল খেলা। আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার শিশু ও নারী-পুরুষ মেলার প্রধান আকর্ষণ ‘মারবেল খেলা’য় অংশগ্রহণ করেন।
উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের মা সোনাই চাঁদ আউলিয়া মন্দির আঙ্গিনায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মারবেল খেলার প্রতিযোগীতা। মেলা পরিচালনা কমিটির সভাপতি বরিশাল শেবাচিম হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বিধান চন্দ্র বিশ্বাস বলেন, এই গ্রামের ছয় বছর বয়সী সোনাই চাঁদ নামে এক মেয়ের বিয়ের বছর না ঘুরতেই তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর শ্বশুর বাড়িতে একটি নীম গাছের নীচে সদ্য বিধবা কিশোরী দেবাদিদেব মহাদেবের আরাধনা ও পূজার্চনা শুরু করেন। পূজার্চনা থেকে সাধনা। পঞ্জিকা মতে, প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন নাম সংকীর্ত্তন ও গোসাই নবান্ন মহাউৎসবকে সামনে রেখে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আর এই উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়ে আসছে গ্রামীণ ঐতিহ্যর ধারক মারবলে খেলার মেলা।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবছরও মেলা উপলক্ষে বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্ত্তন শেষে সোয়া মণ চালের গুড়ার সাথে সোয়া মণ গুড়, ৫০ জোড়া নারকেল ও প্রয়োজনীয় অন্যান্য খাদ্য উপকরণ মিলিয়ে তৈরী করা হয় গোসাই নবান্ন। ওই নবান্ন মেলায় আগত দর্শণার্থীদের প্রসাদ হিসাবে পরিবেশন করা হয়। গোপালগঞ্জ থেকে আসা শিক্ষার্থী অবনী বাড়ৈ জানান, তারা মারবেল খেলার কথা শুনে মেলা দেখতে এসেছেন। ব্যতিক্রমধর্মী এই মেলা তাদের ভীষণ ভাল লেগেছে।
২০২০-০১-১৫
