নাগরিক রিপোর্ট: দেশে শতভাগ ইলিশ আহরহনের মধ্যে একমাত্র বরিশাল বিভাগ থেকে ৬৬ ভাগ ইলিশ সরবরাহ হয়ে থাকে। কিন্তু নানা কারনে ইলিশের প্রজনন বাধাগ্রস্থ হচ্ছে। বর্তমানে পায়রাবন্দর সংলগ্ন বঙ্গোপসাগরের রামনাবাদ এলাকায় ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কারনে সেখানে ইলিশের প্রবেশ বন্ধ হওয়ার আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় ইলিশ সম্পদ রক্ষায় চরমোন্তাজ এলাকার ঘাষিরহাটের ১২ কিলোমিটার নদী খনন করা জরুরী। বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউজে বিভাগের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ওই সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। সভায় বরিশাল বিভাগের মৎস্য কর্মকর্তারা ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগকে অভিযানের আইনী ক্ষমতা দেয়ার দাবী তোলেন।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, ‘কর্মকর্তাদের কোন কাজে বিন্দুমাত্র মাত্র শিথিলতা দেখতে চাই না। আমরা কাজের মাধ্যমে সরকারী অর্থ হালাল করে নেব।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বরিশালের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করতে বলেছেন। বরিশালে এ দুই দপ্তরের অবকাঠামো, যানবাহনের যে সমস্যা রয়েছে তা সমাধানের চেস্টা করা হবে। মুজিববর্ষকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে উন্নয়নমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজ, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডা: আ: জব্বার সিকদার। বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণী সম্পদ উপ-পরিচালক কানাই লাল স্বর্ণকার, মৎস্য দপ্তরের উপ-পরিচালক মো: আজিজুল হক প্রমুখ।
২০২০-০১-১৬
