নাগরিক রিপোর্ট: বরিশালের গৌরনদীতে স্ত্রীর সহোদর বড় বোনকে বিয়ে করায় দাম্পত্য কলহের জেরধরে স্বামী মো: জহের জাহান ফকির (২৭)কে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনরা জানান, গত ৫ বছর পূর্বে উপজেলার বড়দুলালী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে জহের জাহান ফকিরের সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম সরদারের কন্যা লাইজু খানমের বিয়ে হয়। তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়। গত এক বছর পূর্বে প্রথম স্ত্রীর সহোদর বড় বোন বিউটি খানম পরকীয়া প্রেমের টানে স্বামী তালাক দিয়ে ছোট ভগ্নিপতি জহের জাহানকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী লাইজু বড় বোন বিউটিকে সতীন হিসেবে মেনে নিতে পারেনি। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সাথে দাম্পত্য কলহের কারণে জহের জাহান দ্বিতীয় স্ত্রী বিউটিকে তার বাবার (শ্বশুর) বাড়িতে রেখে ভরন পোষন দিয়ে আসছিলেন স্বামী জহের জাহান। গত একমাস ধরে দ্বিতীয় স্ত্রীর সাথে জহের জাহানের দাম্পত্য কলহ দেখা দেয়।
আহতের বাবা সিদ্দিক ফকির অভিযোগ করে বলেন, দাম্পত্য কলহের জেরধরে দ্বিতীয় স্ত্রী বিউটি, তার বাবা নুরুল ইসলাম, ভাই ছত্তার সরদারসহ ৫/৬ জনে মঙ্গলবার দিবাগত ভোররাতে শ্বশুর বাড়িতে ঘুমানো অবস্থায় আমার ছেলে জহেরজাহানকে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ছেলের অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিউটির বড় ভাই আব্দুস ছত্তার সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, বোন লাইজৃকে প্রেম করে বিয়ের পর থেকে মাদকসেবী ভগ্নিপতি জহেরজাহান প্রায়ই আমাকে ও আমার মা-বাবাকে লাঞ্ছিত করতো। এ কারণে আমরা বাড়িঘর ছেড়ে গত ৪ বছর ধরে বরিশাল শহরে ভাড়াটিয়া বাসায় বসবাস করছি। সেখানে বসে আমরা ব্যবসা করে আসছি। বিবাহিত বোন বিউটির সঙ্গে প্রেম করে স্বামী তালাক দিয়ে বিউটিকে জহের জাহান বিয়ে করে আমাদের বাড়িতে বসবাস করে আসছে। এ নিয়ে মামলা মোকদ্দমার ঘটনা ঘটেছে। দাম্পত্য কলহের জেরধরে বিউটি তার স্বামী জহেরজাহানকে কুপিয়ে আহত করার কথা শুনে আমরা বরিশাল শেবাচিম হাসপতালে তাকে দেখতে গিয়েছিলাম।
গৌরনদী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, এ ব্যাপারে আমরা কিছুই জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২০২০-০১-১৭
