নাগরিক রিপোর্ট: বরিশালের উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিশু দুটি সম্পর্কে মামাত-ফুফাতো ভাইবোন। শনিবার দুপুরে শোলক গ্রামের ওবায়দুলহ হক হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত্যুবরনকারী শিশু দুটি হচ্ছে- একই উপজেলার বড়াকোঠা গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে আরাফাত ছানী (৩) ও ওবায়েদুল হক হাওলাদারের মেয়ে মারিয়া আক্তার (৫)। দুই হতভাগ্য পিতারই একটি করে সন্তান। একমাত্র সন্তান হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে ওই এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
শোলক ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন জানান, শহিদুল ইসলাম প্রবাসী হওয়ায় তার স্ত্রী ডলি বেগম শিশু সন্তান আরাফাত ছানিসহ শোলক গ্রামে পিত্রালয়ে থাকেন। আরাফাত ছানি ও তার মামাত বোন মারিয়া আক্তার শনিবার সকালে বাড়ির মধ্যে খেলার করছিল। সকলের অগোচরে তারা বাড়ির সামনের দিকে থাকা পুকুরে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা। পরে তাদের লাশ ভেসে ওঠে পুকুরে। শিশু দুটি উদ্ধারের পর গৌরনদী উপজেলা হাসপাতালে নেয় হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
২০২০-০১-১৮
