সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের নেতৃত্বে হলে হলে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নেই দাবি করে তিনি বলেন, ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন থেকে কেউ রেহাই পাচ্ছে না। আমি ভিপি হয়েও ডাকসু ভবনে নির্যাতনের শিকার হয়েছি। তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?
বুধবার (২২জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন নুর।
ভিপি নুর বলেন, ‘ঢাবির জহু হলের চার শিক্ষার্থীকে শিবির অ্যাখ্যা দিয়ে বেধড়ক পিটিয়ে থানায় দিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। শিক্ষাঙ্গনে কি ওদের সন্ত্রাস চলবেই?
ছাত্রলীগের নির্যাতনের পরেও দলকানা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মন্তব্য করে ভিপি নুরুল হক বলেন, গতকাল রাতে জহুরুল হক হলে চারজনকে ছাত্রলীগ নির্যাতন করেছে। তারা বেধড়ক পিটিয়েছে। যে নির্যাতন করেছে তা আমি শাহবাগ থানায় গিয়ে দেখেছি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারকে যেভাবে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে ভিপি নুর বলেন, তাদেরকে (জরুল হক হলে নির্যাতনের শিকার ৪ শিক্ষার্থী) আবরারের মত পিটিয়েছে। হাতুড়ি দিয়ে, স্টাম্প দিয়ে পিটিয়েছে। হয়তো এই চারজনের মধ্যে কেউ একজনের আবরারের মতো পরিণতি হতে পারত।
বিকেল ৩ টায় রাজু ভাস্কর্য থেকে প্রতিবাদ মিছিল। ছাত্রসমাজ এক হও, সন্ত্রাস রুখে দাও।’
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে চার শিক্ষার্থীকে রড, লাঠি ও স্ট্যাম্প দিয়ে রাতভর নির্যাতন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
