মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক-৩

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের মুলাদী উপজেলায় কুপিয়ে ও হাতুরী দিয়ে পিটিয়ে আহত মোকলেস খান (৪০) মারা গেছেন। শুক্রবার রাত ১০টায় বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার দুপুরে তাকে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে জখম করলে সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোখলেস মুলাদী উপজেলার চর আলিমাবাদ গ্রামের মোজাম্মেল খানের ছেলে। তিনি সীমান্ত সংলগ্ন মাদারীপুরের কালীকিনি উপজেলার মোল্লারহাট বাজারে মুদি মনোহারির ব্যবসা করতেন।
মোকলেসের ভাই খবির খান জানান, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আলতাফ ও তার সহযোগীরা মোখলেসকে হত্যা করেছে। খবির জানান, শুক্রবার দুপুরে মোকলেস মোল্লারহাট বাজারে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। পথে একদল লোক তাকে ডেকে নির্জন বাগানে নিয়ে কুপিয়ে ও হাতুরীপেটা করে বাগানের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা গিয়ে মোকলেসকে উদ্ধার করেন।
মুলাদীর থানার অফিসার ইনজার্চ ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। আটক করা হয়েছে ৩জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *