নাগরিক ডেস্ক : কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবিতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশ মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় মঞ্চে থাকা হেফাজতে ইসলামীর আমীর মাওলানা আহমদ শফিসহ কেউ হতাহত হয়নি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে মঞ্চটি ভেঙে পড়ে।
এর আগে বিকেল ৩টায় আয়োজিত সমাবেশে যোগ দেন হেফাজতে ইসলামীর আমীর মাওলানা আহমদ শফি। ইতোমধ্যে সমাবেশস্থল ছাড়িয়ে লাখো লোকের সমাবেশ নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে চাষাঢ়া সংযোগ সড়কে চলে এসেছে।
অনুষ্ঠানের সমন্বয়ক হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, মঞ্চে অতিরিক্ত লোক হওয়ায় আকস্মিকভাবে মঞ্চের পেছনের অংশ ভেঙে মাটিতে নেমে আসে। তবে শফি হুজুরসহ কেউ হতাহত হয়নি।
মঞ্চ ভাঙার পর সমাবেশস্থলে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও আয়োজকরা তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নেন।
সংশ্লিষ্টদের মতে, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য বাংলাদেশে ব্যাপক আন্দোলনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়্যাত বাংলাদেশ। এ আন্দোলনের অংশ হিসেবে প্রথমে জেলায় ৬৪টি মহাসম্মেলন করা হবে। এরপর ৬৪ জেলার মুসল্লিদের নিয়ে মহাসম্মেলন করবে। এটাই হচ্ছে বাংলাদেশর সবচেয়ে বড় জমায়েত। এখান থেকেই আন্দোলনের সূচনা হবে।
