বরিশালে ক্রিকেট বোর্ড পরিচালক আলো লাঞ্চিত

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল গনপূর্ত অধিদপ্তরে মহানগর আ’লীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পরিচালক আলমগীর খান আলোর উপর চড়াও হয়েছে দলীয় একদল নেতাকর্মী। বুধবার বেলা পৌনে ১টায় নগরীর ভাটারখালস্থ গনপূর্তের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পাশের কক্ষে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ, যুবলীগের কতিপয় অতি উৎসাহী নেতা বিসিবি পরিচালক আলোর সাথে উদ্যত আচারণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে আলো অনুসারী একজন সিটি কাউন্সিলরসহ সিনিয়র ঠিকাদাররা গনপূর্তে ছুটে গেলে উত্তেজনা দেখা দেয়।
গনপূর্তের ঠিকাদার ছাত্রলীগ নেতা বাঘা সোহেল বলেন, তিনি গিয়ে শুনেছেন ঠিকাদারী কোন কাজ নিয়ে আলো ভাই এর সাথে মিজান ভাই এর বুধবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না হওয়ায় আলো ভাই বৃহস্পতিবার গনপূর্তে মিজানকে দেখে উত্তেজিৎ কন্ঠে বলেছেন ‘কিরে তোর সাথে সারাদিন বসে ছিলাম, আসলি না।’ এমন মন্তব্যের পরপরই মিজানের অনুসারী অতি উৎসাহী ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ইমরুল আহমেদ উজ্জ্বল, নব্য ছাত্রলীগ নেতা আবির, সিদ্দিক সহ ৫/৬জন কর্মী আ’লীগ নেতা আলমগীর খান আলোর উপর চড়াও হয়। এসময় আসপাশের লোকজন কোন রকম রক্ষা করেন আলো ভাইকে।
ঘটনাস্থলে উপস্থিত গনপূর্তের ঠিকাদার মো: আজাদ বলেন, আলমগীর খান আলো গনপূর্তের প্রবীন ঠিকাদার। তিনি আ’লীগেরও বর্ষিয়ান নেতা। বুধবার দুপুরে গনপূর্তে এসে আলো ভাই কথার ছলে উত্তেজিত হয়ে মিজানকে দেখে বলেন, ‘কিরে মিজান তোকে খবর দিলাম, আসলি না।’ এসময় আলো ভাই আপত্তিকর মন্তব্য করলে মিজানের সাথে থাকা কয়েকজন উত্তেজিত হয়ে ওঠেন। এসময় আলো ভাইয়ের সাথে তারা অসৌজন্যমুলক আচারন করে। তবে পরে তারা ক্ষমা চান।
গনপূর্তের একাধিক স্টাফ নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আ’লীগ নেতা আলো গনপূর্তের প্রবীন ঠিকাদার। সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল দলবল নিয়ে আকস্মিক সেই আলো ভাই এর উপর হামলার চেস্টা করে। এমন ঘটনায় সকলেই বিস্মিত হন। এমনকি ছাত্রলীগ নেতা উজ্জলের মামা আ’লীগ নেতা মশিউর রহমান মিন্টু পরে ডেকে এনে বৎস্যনা করেন উজ্জলকে।
নগরীর ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও আ’লীগ নেতা জিয়াউর রহমান বিপ্লব বলেন, আলো ভাইকে লাঞ্চিত করিয়েছে বিএনপি নেতা মিজান। ঝালকাঠীর সাবেক বিএনপি দলীয় এমপি আজিজ গাজির অনুসারী নাসির খানের স্টাফ হিসেবে কাজ করে মিজান। গত ২ বছরে গনপূর্তের যত টেন্ডার হয়েছে তার প্রায় ২/৩শ কোটি টাকার টেন্ডার খান বিল্ডার্স এর নামে মিজান বাগিয়ে নিয়েছে। তিনি খবর পেয়ে গনপূর্তে গিয়েছিলেন। কিন্তু ঘটনার সাথে জড়িতদের পাননি।
তবে ঠিকাদার মিজান বলেন, ‘আমরা মামা-ভাগিনা। আলো মামায় আমাকে কথার ছলে গালিগালাজ করছে। পরে সিনিয়ররা বসে মিটিয়ে দিয়েছেন। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে গনপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাঘার উপস্থিতিতে ক্ষমা চাওয়ানো হয়েছে।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর আ’লীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পরিচালক আলমগীর খান আলো বলেন, ‘আমি ওদের সিনিয়র। ওরা সবাই আমার ভাগিনা। সবাই কি আমাকে চিনেন? ওদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *