নাগরিক ডেস্ক: অনেকদিন পর ফুটবলের মাঠে ফিরে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। সাফ ফুটবল ও এসএ গেমস ফুটবলে টানা হারের পর হিমালয়ের দেশটির বিপক্ষে অবশেষে জয় এলো।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ আক্রমণে এগিয়ে থাকে। জেমি ডের ৪-২-৩-১ ফর্মেশনে খারাপ করেনি দল। নেপালের বিপক্ষে আধাডজন আক্রমণ গড়ে প্রথমার্ধ্বে গোল এসেছে মাত্র একটি! ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বারবার লম্বা থ্রো-ইন করে প্রতিপক্ষকে ভয় ধরিয়েছেন। এছাড়া আক্রমণে সাদ উদ্দিন-নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজার সমন্বয় ছিল ভালো। নেপাল মাঝে-মধ্যে আক্রমণ গড়েও সফল হতে পারেনি। আগের সেই নেপালি ঝলক এই অর্ধ্বে দেখা যায়নি।
নাবীব নেওয়াজ জীবনের গোলে প্রথমার্ধ্বে এগিয়ে থাকে বাংলাদেশ। চমৎকার এক প্রতি আক্রমণ থেকে বাংলাদেশ গোল তুলে নেয়। ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে জীবন স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন। ১০ মিনিটের সময় গোলটি করেন তিনি। এর আগে নবম মিনিটে অবশ্য বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন থেকে তপু বর্মণ হেড নিতে পারেননি। তবে পরের মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। জীবনের আন্তর্জাতিক অঙ্গনে গোল দেয়ার ইতিহাস কমই। সবশেষ গত বছর ভুটানের বিপক্ষে গোল পেয়েছিলেন এই তারকা। অনেকদিন পর আবারও সফল হলেন আবাহনীর স্ট্রাইকার। ডান প্রান্ত থেকে সাদউদ্দিন দুই ডিফেন্ডারকে বডি ডজ দিয়ে ছিটকে দিয়ে গোলমুখে ক্রস করলে জীবন নিঁখুত স্লাইডে লক্ষ্যভেদ করেন ( ১-০)। দুই মিনিট পরই নেপাল ব্যবধান সমান করার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা সুযোগ কাজে লাগাতে পারেননি।
২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। জীবনের ক্রসে ইব্রাহিম হেড নিলেও এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ২৩ মিনিটে বিশ্বনাথের থ্রো-ইন থেকে তপুর হেড পোস্টের বাইর দিয়ে যায়। ২৮ মিনিটে মানিক মোল্লার দূরপাল্লার শট দর্শকদের চমকে দিয়েছিল। তার জোরালো শট নেপালের গোলরক্ষক কিরণ কুমার কোনোমতে বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। ৩২ মিনিটে সাদের ক্রসে জীবনের ভলি শট ক্রস বারের ওপর দিয়ে যায়। এভাবেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর নেপাল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল অবশ্য। ৫৫ মিনিটে সতীর্থের ক্রস থেকে বিক্রম লামার প্লেসিং এক ডিফেন্ডারের পায়ে লেগে ক্রস বারের বাইরে দিয়ে যায়। উল্টোদিকে এই অর্ধ্বে জেমি ডে একাদশে পাঁচটি পরিবর্তন আনেন। তাতেই বাজিমাত করে বাংলাদেশ। বদলি নেমে সফল হন মাহবুবুর রহমান সুফিল। ৮১ মিনিটে মধ্যমাঠ থেকে সোহেল রানার থ্রু থেকে বাঁ প্রান্ত দিয়ে উঠে গোলকিপারকে ডজ দিয়ে দূরের পোস্টে বল ঠেলে দেন তিনি। অসাধারণ এই গোলের পর আনন্দে উদ্বেল হয়ে পড়েন সমর্থকেরা। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে এই ম্যাচটি দিয়েই। আগামী ১৭ নভেম্বর বিকেল পাঁচটায় একই ভেন্যুতে নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে লড়বে ফুটবল দল।
বাংলাদেশ: আনিসুর রহমান জিকু, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, মানিক মোল্লা ও সুমন রেজা।
নেপাল: কিরণ কুমার লিম্বু, অজিত ভাণ্ডারি, অনন্ত তামাং, বিক্রম লামা, তেজ তামাং, অঞ্জন বিশট, সুজল শ্রেষ্ঠ, সুমান আরিয়াল, নয়াযুগ শ্রেষ্ঠ, রবিশংকর পাসওয়ান ও বিকাশ খাওয়াস।
