আইসিইউতে রোগীর এক রাতের বিল ৯৬ হাজার টাকা!

Spread the love

নাগরিক ডেস্ক : ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি এক রোগীর এক রাতের বিল এসেছে প্রায় ৯৬ হাজার টাকা। বিপুল অঙ্কের এ বিল মেটাতে গিয়ে বিপাকে পড়েছে তার পরিবার। চট্টগ্রামের বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে এ বিল করা হয়।
রোগী হাবিবুর রহমানের ছেলে অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ গনমাধ্যমকে জানান, গত রোববার রাতে তার বাবাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করান তারা। মুরাদ বলেন, ‘চিকিৎসকরা বাবা করোনায় আক্রান্ত হতে পারে বলে সন্দেহ করছেন। এটি এখনো নিশ্চিত না হলেও চিকিৎসাধীন থাকার মাত্র ১২ ঘণ্টায় আমাদের হাতে ৯৫ হাজার ৯৮২ টাকার একটি বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।’

হাসপাতাল কতৃৃপক্ষের দেয়া বিলের কপি

গনমাধ্যমের কাছে হাতে আসা সেই বিলের কপি থেকে জানা গেছে, রোগীর এক রাতের বেড চার্জ বাবদ রাখা হয়েছে ৯ হাজার টাকা, ওষুধ বাবদ ৩১ হাজার ৭২২ টাকা, অক্সিজেন চার্জ ৫ হাজার ৫০০ টাকা, প্যাথলজি বাবদ ১৩ হাজার ৬৩০ টাকা, সার্ভিস চার্জ ১৫ হাজার ৯৯৭ টাকা, কনসালটেশন ফি ৭ হাজার ৩৭০ টাকা এবং রেডিওলজি বিল ৭ হাজার ৬২ টাকা।
এছাড়াও অভ্যন্তরীণ কনসালটেশন চার্জ, নেবুলাইজেশন চার্জ, অ্যাম্বুলেন্স চার্জ বাবদও বিল করা হয়েছে।
মুরাদ বলেন, ‘এত কম সময়ে এত বেশি টাকার বিল অবিশ্বাস্য! এমন অবস্থা হলে সাধারণ মানুষ যাবে কোথায়?’
রোগীর পরিবারের অভিযোগের বিষয়ে মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ সেলিম বলেন, ‘এখানে ভর্তি হওয়া রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। অযথা কারণ দেখিয়ে বাড়তি বিল দেওয়ার কোনো সুযোগ নেই। ভর্তির সময় ওই রোগীর শারীরিক অবস্থা তেমন ভালো ছিল না। যে কারণে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়েছে। করোনার ওষুধগুলোও খুবই দামি। এসব কারণেই বিল এত বেশি এসেছে। বিলে অযৌক্তিকভাবে এক টাকাও বেশি ধরা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *