ডেইলি নাগরিক ॥ নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিত করার পর মালিকরা অঘোষিত ধর্মঘট শুরু করেছে। আজ বৃহস্পতিবার নৌযান মালিকরা ঢাকায় জরুরী সভা করে নতুন করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। এদিকে বুধবার সন্ধ্যায় আকস্মিক দুরপাল্লা রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীরা পড়েছেন মহাদূর্ভোগে।
১১ দফা দাবীতে মঙ্গলবার মধ্যরাত থেকে সারাদেশে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা। শ্রমিকদের ৬টি সংগঠনের জোট নৌযান শ্রমিক ফেডারেশন পূর্ব ঘোষণা অনুযায়ী এ ধর্মঘট শুরু হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম সন্ধ্যা সাড়ে ৭টায় জানান, তাদের দাবী মেনে নেয়ায় পুরো ধর্মঘট স্থগিত করেছেন। কার সঙ্গে কি আলোচনা করে দাবী মেনে নেয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এ শ্রমিক নেতা। তিনি পাল্টা অভিযোগ করেন, শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করার পর মালিকরা পাল্টা ধর্মঘট ডেকেছে।
এ বিষয়ে জানতে চাইলে লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীন নৌযান পরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ (বীর বিক্রম) বলেন, ধর্মঘটি শ্রমিকরা বুধবার সকালে ঢাকা সদরঘাটের সকল লঞ্চ পন্টুন থেকে সরিয়ে বুড়িগঙ্গার বিপরীত দিকে রাখে। এ বিষয়ে মালিকদের অনুমতি নেয়ার প্রয়োজনও মনে করেননি তারা। নৌযান মালিকরা শ্রমিকদের এ ধৃষ্টতা ভালভাবে নেয়নি। তাই তারা বুধবার সকল নৌযান চলাচল বন্ধ রেখেছেন। ফলে গতকাল রাতে ঢাকা সদর ঘাট কোন লঞ্চ বরিশাল তথা দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছাড়েনি। আবার বরিশাল নৌবন্দর থেকে রাতে ৫টি লঞ্চ ঢাকা যাওয়ার কথা থাকলেও তিনটি ছাড়েনি। কীর্তণখোলা- ১০ ও ফারহান নামক দুটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকায় রওনা হয়েছে।
২০১৯-০৭-২৪
